ফসলের খেতে পানি, গোখাদ্য-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের বিভিন্ন উপজেলায় বন্যার পানিতে ফসলের খেত তলিয়ে গেছে। কাঁচা ঘাস ও খড় পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। গোখাদ্য-সংকটে বিভিন্ন স্থানে গবাদিপশু ক্রমেই রুগ্ণ হয়ে পড়ছে। এতে কোরবানির পশুর বাজারে লোকসানের আশঙ্কা করছেন খামারি ও কৃষকেরা।
জেলা প্রাণিসম্পদ কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, জেলায় ৪৭২টি গবাদিপশুর খামার রয়েছে। এ ছাড়া জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার চরাঞ্চলে প্রায় দুই হাজার পরিবার কোরবানির ঈদে বিক্রি করার জন্য গবাদিপশু পালন করে থাকে। গত ৩০ জুলাই থেকে পদ্মা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় শরীয়তপুরে বন্যার পানি প্রবেশ করে। এতে চার উপজেলায় ৯০টি গ্রাম প্লাবিত হয়। এসব গ্রামের কৃষক ও খামারিরা গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন। বন্যার কারণে গবাদিপশুর খুরা ও তড়কা রোগ দেখা দিয়েছে। চাহিদা অনুযায়ী গবাদিপশু কাঁচা ঘাস ও খড় পাচ্ছে না। সব মিলিয়ে এসব পশু রুগ্ণ হয়ে পড়ছে।
ভেদরগঞ্জের চরভাগা ইউনিয়নের মনাই হাওলাদারকান্দি গ্রামের কৃষক মকবুল হাওলাদার কোরবানির ঈদে বিক্রির জন্য আটটি গরু পালন করছেন। তিনি বলেন, বন্যার কারণে ফসলের মাঠ তলিয়ে গেছে। কোথায়ও গোখাদ্য নেই। ১০-১২ দিনেই গরুগুলো রোগা হয়ে গেছে। এগুলো অর্ধেক দামে বিক্রি করতে হবে।
প্রায় একই ধরনের কথা বলেন নড়িয়া উপজেলার ডানগাঁও গ্রামের গবাদিপশুর খামারি বাদশা হাওলাদারসহ সাত–আটজন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইকবাল হোসেন চাকলাদার বলেন, বেশ কিছু গ্রামে গোখাদ্যের সংকট চরম আকার ধারণ করেছে। রোগবালাইতে আক্রান্ত গবাদিপশুর চিকিৎসা করা হচ্ছে। গোখাদ্যের সংকটের কথা মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে কৃষকদের মাঝে তা বিতরণ করা হবে।