ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি
ধানসহ সব ধরনের ফসলের ন্যায্যমূল্য, কৃষি উপকরণের দাম কমানোসহ ১০ দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় কৃষক খেতমজুর সমিতির পাবনা জেলা শাখা সংবাদ সম্মেলন করেছে।
শহরের খেয়াঘাট সড়কে সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সমিতির পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুস শুকুর।
সমিতির অন্য দাবিগুলো হচ্ছে: সরকার-নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ, গ্রাম ও শহরের গরিব মানুষদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা চালু, আবাদি জমি ধ্বংস না করা, পর্যাপ্ত খাদ্যগুদাম ও উন্নত হিমাগার গড়ে তোলা, বিনা মূল্যে সেচ ও সুদমুক্ত কৃষিঋণ চালু, পরিকল্পিত কৃষি উৎপাদন ব্যবস্থা চালু, দেশের অভিন্ন ৫৪টি নদীর পানির প্রবাহ নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে বলা হয়, ফসল উৎপাদনে কৃষকদের খরচ দিনে দিনে বাড়ছে। উচ্চমূল্যে সার, বীজ, সেচ, কীটনাশকসহ কৃষি উপকরণ কেনায় লোকসানের মুখে পড়ছেন কৃষক। এ বছর কৃষকের বোরো ধান উৎপাদন করতে অঞ্চলভেদে খরচ দাঁড়িয়েছে মণপ্রতি ৬৫০ থেকে ৭০০ টাকা। কিন্তু বাজারে প্রতি মণ ধানের দাম ৬০০ থেকে ৬৫০ টাকা। সরকারিভাবে এ দাম ধার্য করা হয়েছে ৮৮০ টাকা। কিন্তু দালাল চক্রের কারণে কৃষক সরাসরি সরকারি গুদামে ধান দিতে পারছেন না।