ফসলের লাভজনক দামের দাবিতে রাজপথে অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফসলের লাভজনক দামসহ তিন দফা দাবিতে গতকাল বুধবার সকালে পটুয়াখালীতে কৃষক সমিতি রাজপথে অবস্থান কর্মসুচি পালন করেছে। সকাল সাড়ে ১০টায় শহরের পুরান বাজার এলাকার সিপিবির কার্যালয় থেকে কৃষক সমিতির নেতারা মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।দাবিগুলো হলো: অবিলম্বে গ্রামে গ্রামে সরকারি ক্রয়কেন্দ্র চালু করে সরাসরি কৃষকদের কাছ থেকে কৃষিপণ্য ক্রয় করে দেশি-বিদেশি চক্রের কবল থেকে কৃষক বাঁচাও, সার-বীজ-ডিজেল-কীটনাশকসহ কৃষি উপকরণের দাম হ্রাস এবং কৃষকদের সমবায় গঠন করে কৃষিপণ্য বিক্রয়ের ব্যবস্থা। মিছিল শেষে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পটুয়াখালীর চৌরাস্তায় কৃষক সমিতির নেতারা রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সিপিবি পটুয়াখালী জেলার সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, জেলা কৃষক সমিতির সভাপতি আজিজ দুয়ারী, সাধারণ সম্পাদক মোতালেব মোল্লা প্রমুখ।