রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শূন্য ২২৮টি আসন পূরণ করতে নতুন করে মেধাতালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গত বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব অধ্যাপক মোশাররাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য ২০১৬ সালের ৩০ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ১৪টি বিভাগে মোট ৮৭৫টি আসনের বিপরীতে শিক্ষার্থীদের আবেদন আহ্বান করা হয়। এর মধ্যে ৫টি আসন কোটাধারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত। আবেদন জমা পড়ে ১৩ হাজার ১০০টি। প্রাথমিক বাছাই শেষে ৬ অক্টোবর প্রায় ৮ হাজার প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে প্রায় ৬ হাজার ৩০০ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। ২৬ অক্টোবর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩১ অক্টোবর ফল প্রকাশিত হয়। এতে ৩৫০ নম্বরের মধ্যে ন্যূনতম ১০৫ নম্বর পাওয়া ২ হাজার ৪৯৮ জনের সমন্বয়ে মেধাতালিকা প্রকাশ করা হয়। পরে ১ ডিসেম্বর থেকে মেধাতালিকা অনুযায়ী ভর্তি কার্যক্রম শুরু হয়। আসন শূন্য থাকা সাপেক্ষে পাঁচ দফায় মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের ভর্তি করানো হয়। ২৯ ডিসেম্বর পর্যন্ত ২২৮টি আসন ফাঁকা রেখেই ভর্তি কার্যক্রম শেষ হয়।
রেজিস্ট্রার অধ্যাপক মোশাররাফ হোসেন বলেন, আসনগুলো পূরণের জন্য নতুন মেধাতালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন শূন্য থাকা সাপেক্ষে ২ হাজার ৪৯৮ জনের তালিকার পরের শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন। নতুন করে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা অকৃতকার্য কি না, সে প্রশ্নে তিনি বলেন, ‘প্রতিবছর গড়ে দেড় হাজার জনের তালিকা থেকেই সব আসন পূরণ হয়ে যায়। তাই তালিকা তৈরির সুবিধার্থে আমরা একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে থামি। সেই হিসাবেই ১০৫ নম্বর পাওয়া পর্যন্ত মেধাতালিকায় রাখা হয়েছিল। তার মানে পরের শিক্ষার্থীরা অকৃতকার্য এটা বলা যাবে না।’
পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মোহা. আবদুস সোবহান বলেন, কাল শনিবার এ বিষয়ে অফিশিয়ালি জানানো হবে।
প্রথম বর্ষের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ছিল ১৪ জানুয়ারি। তবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ৪ জানুয়ারি দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্লাস শুরুর পরিবর্তিত তারিখ ১৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে দেওয়া হবে।