ফাঁকা আসনে শিক্ষার্থী ভর্তি ২১ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ফাঁকা থাকা ২২৮টি আসন পূরণ করতে বর্ধিত মেধাতালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২১ জানুয়ারি সকাল ৯টায় এই তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে।
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের উপপরিচালক গোলাম মর্ত্তুজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রমানুসারে ২১ জানুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘গ্রুপ-১’-এ ২৪৯৯ থেকে ২৬৯৮তম পর্যন্ত এবং আর্কিটেকচার বিভাগে মেধাক্রম ১২৯ থেকে ১৫৬তম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ভর্তি করা হবে। এই মেধাতালিকায় ভর্তি-ইচ্ছুকদের অবশ্যই দুপুর ১২টার মধ্যে ভর্তি হতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসন শূন্য থাকা সাপেক্ষে একই দিন দুপুর ১২টা থেকে ‘গ্রুপ-২’-এ ২৬৯৯ থেকে ৩০৯৮তম পর্যন্ত এবং আর্কিটেকচার বিভাগে মেধাক্রম ১৫৭ থেকে ২৫৬তম স্থান অর্জনকারী ছাত্রছাত্রীদের ভর্তি করা হবে। এই মেধাতালিকায় ভর্তি-ইচ্ছুকদের অবশ্যই দুপুর ১২টার মধ্যে ভর্তির জন্য নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে।
এরপরও আসন শূন্য থাকলে একই দিন বেলা ৩টা থেকে ‘গ্রুপ-৩’-এ ৩০৯৯ থেকে ৩৪৯৮তম পর্যন্ত এবং আর্কিটেকচার বিভাগে মেধাক্রম ২৫৭ থেকে ৩৫৬তম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ভর্তি করা হবে। এই মেধাতালিকায় ভর্তি-ইচ্ছুকদের অবশ্যই বেলা ৩টার মধ্যে ভর্তির জন্য নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে। ২২ জানুয়ারি রাত ৯টায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রাপ্ত বিভাগ এবং আসন শূন্য থাকা সাপেক্ষে পরবর্তী তালিকা প্রকাশ করা হবে।