ফাঁকা কেন্দ্রে জাল ভোটের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট গ্রহণ শেষ হওয়ার আর মাত্র ১৫ মিনিট বাকি। ব্রাহ্মবাড়িয়া শহরের কান্দিপাড়ার তোফায়েল আজম কিন্ডারগার্টেন কেন্দ্রে কোনো ভোটার নেই। কেন্দ্রের ভেতরে আছেন শুধু নির্বাচন কর্মকর্তা, পুলিশ বাহিনীর সদস্য, আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী এজেন্ট ও স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা। এ সময় সিঁড়ির পাশে একটি বুথের ভেতরে একদিকে ব্যালট পেপার বই নিয়ে একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও আওয়ামী লীগের প্রার্থীর কয়েকজন নারী ও পুরুষ কর্মী একসঙ্গে জাল ভোট দিচ্ছেন। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিজেই ব্যালট পেপারে একটানা ‘নৌকা’য় সিল মারছেন। আর দু-তিনজন সেই ব্যালট পেপার ছিঁড়ে তা ভাঁজ করে বাক্সে ফেলছেন। আর বুথের দরজায় পাহারা দিচ্ছেন পুলিশের সদস্যরা।
প্রথম আলোর প্রতিবেদকের সামনেই এ ঘটনা ঘটে। নিজের পরিচয় দিয়ে ওই সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি শুধুই হাসলেন। নাম জিজ্ঞাসা করলেও উত্তর না দিয়ে আবার হাসলেন।
সকালে সরেজমিনে দেখা গিয়েছিল, সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হলেও প্রথম দেড় ঘণ্টায় এই কেন্দ্রে কোনো ভোটই পড়েনি। এই কেন্দ্রের বাইরে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। জানতে চাইলে এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম প্রথম আলোর কাছে জাল ভোটের অভিযোগ স্বীকার করেননি। তিনি বলেন, কোনো সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নন।
শহরতলির ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে ১০ থেকে ১২ বছর বয়সী শিশু-কিশোরেরা বুথে গিয়ে প্রকাশ্যে ভোট দিচ্ছে। একবার ভোট দিয়ে ওই শিশুরা বের হতেই পাশ থেকে আওয়ামী লীগের এক কর্মী নতুন একটি ভোটের নম্বর দেন। তা নিয়ে শিশুরা আবারও ভোটের লাইনে দাঁড়াচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, সুহিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি সারা দিনই ছিল প্রায় ফাঁকা। বেলা তিনটার দিকে প্রিসাইডিং কর্মকর্তা মোশারফ হোসেন জানান, প্রায় ৭৫ ভাগ ভোট গ্রহণ করা হয়েছে। জাল ভোট পড়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, জাল ভোট পড়তে পারে। জাল ভোট দেখার দায়িত্ব প্রার্থীর এজেন্টদের।