ফাঁকা গুলি ছুুড়ে অবরুদ্ধ যুবলীগ নেতাদের উদ্ধার
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় গত সোমবার ভোররাতে জনতার হাতে অবরুদ্ধ যুবলীগের নেতাদের ফাঁকা গুলি ছুুড়ে উদ্ধার করলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনজুরুল ইসলাম।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত রোববার রাত নয়টার দিকে বামনডাঙ্গা বাজারের ওষুধ ব্যবসায়ী মাহবুব মিয়া ঢাকায় যাওয়ার উদ্দেশে বামনডাঙ্গা রেলস্টেশনের দিকে রওনা হন। বাজারে জনতা ব্যাংকের সামনে পৌঁছালে উপজেলা যুবলীগের সদস্য সাইদুর রহমানের নেতৃত্বে ১০-১২ জন নেতা-কর্মী পাঁচটি মোটরসাইকেলযোগে তাঁর পথ রোধ করেন। তাঁরা মাহবুব মিয়ার ব্যাগ ছিনিয়ে নিয়ে তাঁকে টেনেহিঁচড়ে মোটরসাইকেলে ওঠান। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন মোটরসাইকেলের আরোহীদের ধাওয়া করলে অনেকেই সটকে পড়েন। তবে সাইদুর এবং তাঁর সহযোগী মোকছেদ ও মিলন বাজারের একটি ওষুধের দোকানে আশ্রয় নেন। পরে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ এসে তাঁদের উদ্ধার করে রেলস্টেশনসংলগ্ন বামনডাঙ্গা বহুমুখী ক্লাব অফিসে নিয়ে যায়। এ সময় উত্তেজিত জনতা ক্লাব অফিস ঘেরাও করে ওই তিনজনকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনজুরুল ইসলাম রাত তিনটার দিকে ঘটনাস্থলে এসে ব্যক্তিগত শটগান থেকে তিনটি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন। পরে তিনি যুবলীগের নেতাদের উদ্ধার করে নিয়ে যান।উপজেলা যুবলীগের সদস্য সাইদুর রহমান বলেন, ‘যারা টাকা দিয়ে নিঃস্ব হয়েছে, তারাই সেদিন মাহবুবকে পথরোধ করে টাকা আদায় করতে চেয়েছিল। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে আমি মীমাংসা করতে যাই।’ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল আলম বলেন, ‘মাহবুব একজন আদম ব্যবসায়ী ও জামায়াতের নেতা। তিনি দুবাই পাঠানোর কথা বলে পাঁচ বছর আগে উপজেলার সোনারায় ইউনিয়নের নামাটারী গ্রামের কৃষক মজির উদ্দিনের (৩৫) কাছ থেকে আড়াই লাখ টাকা নিয়েছেন। আমরা সেই টাকা উদ্ধারের জন্য তাঁর কাছে যাই।’ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনজুরুল ইসলাম বলেন, ‘সেদিন বিশৃঙ্খলার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে মীমাংসার চেষ্টা করি। তখন মাহবুবের লোকজন ও জামায়াতের নেতা-কর্মীরা আমার গাড়ি ঘেরাও করলে আমি একটি ফাঁকা গুলি ছুড়ি।’এ প্রসঙ্গে মাহবুব মিয়া বলেন, ‘আমি বিদেশে পাঠানোর কথা বলে কারও কাছ থেকে টাকা নিইনি।’