ফাঁকা চট্টগ্রাম, শেষ মুহূর্তেও ছুটছে মানুষ
ঈদুল আজহার ছুটির ফাঁদে পুরো চট্টগ্রাম নগর এখন প্রায় ফাঁকা। গত বৃহস্পতিবার থেকে এই নগরের মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে গ্রামের পথে ছুটতে শুরু করেন। তবে অল্প দূরত্বে যাঁদের বাড়ি, তাঁদের অনেকেই ঈদযাত্রা নির্ঝঞ্ঝাট করতে আজকের (সোমবার) দিনটি বেছে নিয়েছেন।
নগরের রেলস্টেশন ও বাস টার্মিনালে সকাল থেকে ঘরমুখী মানুষের ভিড় দেখা গেছে। ফাঁকা নগরে কোথাও কোনো যানজট না থাকলেও নগরের অক্সিজেন মোড়ের বাসস্ট্যান্ড, কদমতলী, বিআরটিসি বাস স্ট্যান্ড, বহদ্দারহাট বাস টার্মিনাল, কর্ণফুলী তৃতীয় সেতু এলাকায় ভিড় চোখে পড়েছে। একইভাবে সকালে চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতেও তিল ধারণের জায়গা ছিল না।
পরিবার পরিজন নিয়ে সাতকানিয়ার গ্রামের বাড়িতে ঈদ করতে যাচ্ছিলেন নাছির উদ্দিন। তিনি বলেন, কর্ণফুলী সেতু এলাকায় এসে অনেকক্ষণ অপেক্ষা করেছি। সব বাসে ভিড়। এক ঘণ্টা পর একটিতে উঠতে পেরেছি।
ঈদের মৌসুমের সুযোগে বাড়তি ভাড়াও হাঁকিয়েছে বলেও কোনো কোনো গন্তব্যের বাসের বিরুদ্ধে অভিযোগ যাত্রীদের।
ফাঁকা হয়ে যাওয়া নগরে চোর-ডাকাতের উপদ্রব বাড়ার আশঙ্কা করছেন নগরবাসী। বিষয়টি মাথায় রেখে নগর পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তাব্যবস্থাও নেওয়া হয়েছে। নগরে পুলিশি টহল বাড়িয়েছে সিএমপি।
নগরের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মনসুর বলেন, নগর ফাঁকা। বেশির ভাগ মানুষ বাড়িঘরে তালা দিয়ে চলে গেছেন। এখন আমরা পাহারা দিচ্ছি। টহল জোরদার করা হয়েছে।
একই কথা জানালেন নগরের আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ। তিনি বলেন, আমরা বিভিন্ন পাড়া-মহল্লায় নিরাপত্তা জোরদার করেছি। পুলিশি টহল বাড়ানো হয়েছে।