ফাঁকা জায়গা পেলে মাঠ ও পার্ক করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউন্সিলর, ওয়ার্ড নম্বর ৬
ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সিরাজুল ইসলাম। এলাকার বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তিনি। খেলার মাঠ ও পার্কের বিষয়ে তিনি বলেন, সরকারি খালি জায়গা না থাকায় মাঠ ও পার্ক করা যাচ্ছে না৷ কোথাও কোনো জায়গা পেলে তা নির্মাণ করা হবে। কমিউনিটি সেন্টারে থানার কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ওই সময় ভাড়া হিসেবে কমিউনিটি সেন্টারে থানার কার্যক্রম চালু করা হয়েছিল। শিগগিরই মুগদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পাশের বিকল্প জায়গায় থানার কার্যক্রম স্থানান্তর করা হবে৷ পাশাপাশি এই জায়গায় একটি আধুনিক বহুতল ভবন কমিউনিটি সেন্টার নির্মাণ করা হবে৷
সড়কে ধুলাবালুর বিষয়ে কাউন্সিলর বলেন, এই মৌসুমে মহল্লার বিভিন্ন এলাকায় বাড়ি নির্মাণের কাজ চলছে। এসব বাড়ি নির্মাণে ব্যবহৃত ইট, পাথর ও বালু সড়কে ছড়িয়ে পড়ছে। তবে প্রতিদিন ভোরে সড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীরা । খানাখন্দে ভরা সড়কের বিষয়ে তিনি বলেন, তিনি নির্বাচিত হওয়ার আগেই স্থানীয় সাংসদের সহযোগিতায় মহল্লার সব সড়ক সংস্কার করেছেন। নির্বাচনের পর প্রায় দুই কিলোমিটার সড়ক সংস্কার করা হয়েছে।