দ্বিতীয় পর্বের নির্বাচনে গোপালগঞ্জের দুটি উপজেলার ৩১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) গতকাল বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা আর নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় মাত্র পাঁচটি ইউপিতে চেয়ারম্যান পদে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন ভোটাররা।
তাও আবার বিএনপির কোনো প্রার্থী না থাকায় এই পাঁচটি ইউপিতে ভোটের লড়াইয়ে ছিলেন আওয়ামী লীগ ও দলের ‘বিদ্রোহী’ প্রার্থীরা। এর মধ্যে সদর উপজেলার চারটি ও কোটালীপাড়ায় একটি ইউনিয়ন ছিল।
সদর উপজেলার কেন্দ্রগুলোয় সকাল হতে না-হতেই লম্বা লাইনে দাঁড়িয়ে যান অসংখ্য নারী-পুরুষ। তাঁদের সবারই আগ্রহ ছিল সদস্য প্রার্থীদের দিকে। কারণ, সদর উপজেলার ২১টি ইউপির মধ্যে ১৪টিতেই আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান।
এ ছাড়া নিজড়া, গোপীনাথপুর ও চন্দ্র দীঘলিয়া ইউপিতে ‘সমঝোতার’ পর গত ২৮ মার্চ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এসব কারণে চেয়ারম্যান পদে ভোটযুদ্ধ হয়েছে সদর উপজেলার উরফি, পাইককান্দি, জালালাবাদ ও মাঝিগাতি ইউপিতে। তা-ও আবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন আওয়ামী লীগ ও দলের বিদ্রোহী প্রার্থীরা। এই চারটি ইউপির প্রায় সব কেন্দ্রেই বেলা দুইটার মধ্যে ৭০ ভাগ ভোটার ভোট দিয়ে ফেলেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে। পুরুষ ভোটারের চেয়ে প্রচুর নারী তাঁদের ভোট দিয়েছেন উৎসবের আমেজে।
এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নূরুজ্জামান বলেন, এখানে ভোট আছে ১ হাজার ৩০টি। বেলা সাড়ে ১১টায় ভোট দিয়েছেন ৫৫০ জন। মাঝিগাতি ইউনিয়নের দশপল্লি এন কে উচ্চবিদ্যালয় কেন্দ্রের ১ হাজার ৬০ জন ভোটারের মধ্যে বেলা দুইটার মধ্যে ৭০০ ভোট পড়ে। তাই বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই বেশির ভাগ কেন্দ্রই প্রায় ভোটারশূন্য হয়ে যায়।
কোটালীপাড়া উপজেলায় ১০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে পিঞ্জরি ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ শিকদার আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত যাঁরা: গোপালগঞ্জ সদর উপজেলার ২১ ইউপির মধ্যে ১৪টিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা অপূর্ব কুমার বিশ্বাস বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন—লতিফপুরে ফকরুল ইসলাম, দুর্গাপুরে মো. নাজিব আহম্মেদ, বোড়াশীতে এম এম মনির আহমেদ, কাঠিতে মো. বাচ্চু শেখ, কাজুলিয়াতে মাখন লাল দাস, গোবরায় শফিকুর রহমান চৌধুরী, শুকতাইলে শহিদুল ইসলাম, হরিদাসপুরে মুন্সি মকিদুজ্জামান, করপাড়ায় সিকদার শাহ সুফিয়ান, বৌলতলীতে সুকান্ত বিশ্বাস, সাতপাড়ে সুজিৎ মণ্ডল, সাহাপুরে সুবোধ চন্দ্র হীরা, রঘুনাথপুরে শ্রীবাস বিশ্বাস ও উলপুরে কামরুল হাসান বাবুল মোল্লা।