বিরোধী দলকে সংসদে এসে নির্বাচনের রূপরেখা দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল নির্ধারিত সময়ের পাঁচ বছর পর এই সম্মেলনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে চতুর্থবারের মতো উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোশাররফ হোসেন ও এম এ সালাম।বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘নব্বইয়ের পর বাংলাদেশে অনেক হরতাল হয়েছে। হরতাল করে সরকার পতন হয় না। ইনশা আল্লাহ নির্বাচন হবেই। সবার অংশগ্রহণে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনই হবে। হরতাল দিয়ে দুর্ভোগ না বাড়িয়ে সংসদের শীতকালীন অধিবেশনে এসে নির্বাচনের রূপরেখা দিন। আমরাও চাই সমঝোতার মাধ্যমে নির্বাচনে যেতে। সংঘাত চাই না। ফাঁকা মাঠে গোলও দিতে চাই না।’ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেন, ‘যুদ্ধাপরাধীরা পাকিস্তানি রাজনীতির ধারক-বাহক। আর খালেদা জিয়া পাকিস্তানের এজেন্ট। একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হয়ে পাকিস্তানের টাকা নিয়ে তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার লোকজন সেই দেশের আদালতে এ বিষয়ে সাক্ষ্য দিয়েছেন।’ বিশ্বজিৎ দাশের হত্যাকাণ্ডকে অমানবিক উল্লেখ করে মাহাবুব উল আলম হানিফ বলেন, ‘টেলিভিশনে ঘটনা দেখে মন ব্যথায় ভরে গেছে। সেই রাতে ঘুমাতে পারিনি। এই নৃশংসতা মেনে নেওয়া যায় না। জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে।’ উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী ও সাংসদ এ বি এম আবুল কাশেম, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন আহমেদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম। গতকাল সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামী তিন বছরের জন্য সভাপতি পদে মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক পদে এম এ সালাম নির্বাচিত হয়েছেন। গত প্রায় ১৮ বছর ধরে তাঁরা দুজন এ পদে দায়িত্ব পালন করছেন।