ফাঁকা মাঠে জাপার ১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টিকে (জাপা) নির্বাচনে রাখার জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকারের কূটকৌশল ও জোরজবরদস্তি এখনো অব্যাহত আছে। দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ দুই দিনেও হাসপাতালের ‘বন্দিত্ব’ থেকে মুক্তি পাননি। তাঁকে নির্বাচনে রাখতে এখনো চাপ দেওয়া হচ্ছে বলে এরশাদের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন। তবে এরশাদ গতকাল শনিবারও নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল ছিলেন বলে জানিয়েছেন তাঁর বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ।
এরশাদের মুক্তির দাবিতে আজ রোববার সিলেট বিভাগের চার জেলায়, রাজশাহী, নওগাঁ ও চাঁদপুরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছেন জাতীয় পার্টির স্থানীয় নেতারা।
এদিকে দলীয় চেয়ারম্যানের নির্দেশ উপেক্ষা করে রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলুর নেতৃত্বে জাপার একটি অংশ নির্বাচনে রয়ে গেছেন। আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়নপত্র তুলে নেওয়ায় ইতিমধ্যে রওশন এরশাদ, আনিসুল ইসলাম, তাজুল ইসলামসহ জাপার ১৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।
আগের দিনের মতো গতকালও সরকারপন্থী জাপার নেতারা গুলশানে রওশন এরশাদের বাসায় একাধিক দফায় বৈঠক করেন। বিকেল চারটায় রওশনের বাসা থেকে বের হয়ে জাপার সভাপতিমণ্ডলীর সদস্য তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, জাপার যাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি, তাঁরা নির্বাচনে অংশ নেবেন।
ওই বাসা থেকে বের হয়ে দলের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য কাজী ফিরোজ রশীদ সাংবাদিকদের বলেন, নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
মুখ খোলেননি রওশন: রওশন এরশাদ গতকাল পর্যন্ত নিজে কিছু বলেননি। বিকেলে জাপার সরকারপন্থী আরেক নেতা হাফিজউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, নির্বাচনে যাওয়া না-যাওয়ার বিষয়ে সন্ধ্যা সাতটায় সংবাদ ব্রিফিং করবেন রওশন এরশাদ। গণমাধ্যমকর্মীরা যথাসময়ে উপস্থিত হলেও রওশন কোনো ব্রিফিং করেননি; বরং সন্ধ্যা সাতটায় তাঁর বাসার সব বাতি নিভিয়ে দেওয়া হয়। এ সময় তাঁর একজন সহকারী এসে সাংবাদিকদের বলেন, ‘ম্যাডামের জ্বর এসেছে। তিনি ঘুমিয়ে পড়েছেন।’
রওশনের এরশাদের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, রওশন চেয়েছিলেন জাপার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হোন। কারণ, সারা দেশে যে সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হয়েছে, তাতে মাঠে গিয়ে নির্বাচন করাকে তাঁরা ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন। কিন্তু সরকার সবার জন্য সে ব্যবস্থা করেনি, অনেককে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে। এ কারণে রওশন কিছুটা মনঃক্ষুণ্ন। তাঁর মান ভাঙাতে গত শুক্রবার রাতে তাঁর বাসায় যান আওয়ামী লীগের দুজন জ্যেষ্ঠ নেতা।
প্রথম আলোর ময়মনসিংহ প্রতিনিধি জানান, শুক্রবার রাত পর্যন্ত খবর ছিল, রওশনের আসনে (ময়মনসিংহ-৪) ন্যাপের মো. খালেকুজ্জামান পারভেজের প্রার্থিতা বহাল আছে। কারণ, নির্ধারিত সময়ের মধ্যে তিনি প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেননি। অবশ্য গতকাল নির্বাচন কমিশনের তালিকায় রওশনকে একক প্রার্থী দেখানো হয়েছে।
জানতে চাইলে গতকাল সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা মুস্তাকীম বিল্লাহ প্রথম আলোর কাছে দাবি করেন, খালেকুজ্জামান তাঁর প্রার্থিতা প্রত্যাহারের জন্য শুক্রবারই আবেদন দিয়েছিলেন। কিন্তু সেদিন আবেদনটি চোখে পড়েনি। পরে খুঁজে পাওয়া গেছে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা: রওশন, আনিসুল ও তাজুল ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জাপার বাকি প্রার্থীরা হলেন কুড়িগ্রাম-৩ আসনে মাঈদুল ইসলাম, বগুড়া-২-এ শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩-এ নুরুল ইসলাম তালুকদার, বগুড়া-৬-এ নুরুল ইসলাম ওমর, ময়মনসিংহ-৫-এ সালাহউদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ-৩-এ লিয়াকত হোসেন, নারায়ণগঞ্জ-৫-এ নাসিম ওসমান, সুনামগঞ্জ-৪-এ পীর ফজলুর রহমান, সিলেট-৫-এ সেলিম উদ্দিন, হবিগঞ্জ-১-এ আবদুল মুনিম চৌধুরী, কুমিল্লা-২-এ আমির হোসেন, কুমিল্লা-৮-এ নুরুল ইসলাম, লক্ষ্মীপুর-২-এ মোহাম্মদ নোমান ও কক্সবাজার-১ আসনে মো. ইলিয়াছ।
রওশনের সঙ্গে আরও যাঁরা: মুখে মনোনয়নপত্র প্রত্যাহারের কথা বললেও এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় (খুলনা-১ আসনে) নির্বাচনে থেকে গেছেন। এ কারণে তাঁকে গতকাল অবাঞ্ছিত ঘোষণা করেছে খুলনা জেলা জাপা। এ ছাড়া সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, সালমা ইসলাম ও যুগ্ম মহাসচিব রেজউল ইসলাম ভূঁইয়াও রওশনের সঙ্গে নির্বাচনে রয়েছেন।
চাপে এরশাদপন্থী নেতারা: এরশাদের পক্ষের নেতাদের গতকাল কোনো তৎ পরতা ছিল না। তাঁর ভাই ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ এই অংশের নেতারা গণমাধ্যমকে এড়িয়ে চলেছেন। তাঁদের মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। এই অংশের একজন গুরুত্বপূর্ণ নেতা প্রথম আলোকে জানিয়েছেন, তাঁকে সরকার আটক করতে পারে বলে আশঙ্কা করছেন।
গতকাল সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা এরশাদের উপদেষ্টা ববি হাজ্জাজকে প্রশ্ন করেন, জাপার অবস্থান তুলে ধরার কথা রুহুল আমিন হাওলাদার ও জি এম কাদেরের। তিনি কেন সংবাদ ব্রিফিং করছেন? এ প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, ‘দেশের যে অবস্থা, তাতে তাঁদের ওপর অনেক চাপ।’
এরশাদের ঘনিষ্ঠ একাধিক নেতা জানান, ‘একতরফা’ নির্বাচনে থাকতে রাজি না হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎ সার নামে এরশাদকে বস্তুত অন্তরীণ করে রাখা হয়েছে। এ কারণে এরশাদের সঙ্গে দলের গুরুত্বপূর্ণ নেতাদের যাতায়াতের ওপর কড়া নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। তিনি গতকাল সকালে বাহক মারফত বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজের কাছে একটি চিঠি পাঠান।
ওই চিঠির বরাত দিয়ে বিকেল সোয়া পাঁচটায় সংবাদ সম্মেলনে ববি হাজ্জাজ বলেন, এরশাদ বলেছেন, ৫ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে জাতীয় পার্টি যাবে না। তিনি দবি করেন, ‘চিঠিতে এরশাদের অভিযোগ করেছেন, “মনোনয়নপত্র প্রত্যাহারের চেষ্টা করে জাপার অনেক প্রার্থী সরকারের অসহযোগিতার কারণে ব্যর্থ হয়েছেন। আমি খোলাসা করেই বলতে চাই, আমাদের কোনোভাবেই নির্বাচনে নেওয়া যাবে না”।’
এরশাদের চিঠি পেয়ে বিকেল চারটায় সংবাদ সম্মেলন ডাকেন ববি হাজ্জাজ। কিন্তু এর আগে তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী একটি বাহিনী ডেকে নিয়ে যায়। এক ঘণ্টা পর সেখান থেকে ফিরে এসে সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনের পর সন্ধ্যায় ছয়টায় তাঁকে আবার ডেকে নেওয়া হয়। রাত সাড়ে ১১টায় তাঁকে ছাড়া হয়।
এর আগে গত বৃহস্পতিবার এরশাদ নির্বাচন কমিশনে চিঠি দিয়ে দলীয় প্রতীক লাঙ্গল কাউকে বরাদ্দ না দিতে অনুরোধ করেন। ওই রাতেই তাঁকে বাসা থেকে তুলে নিয়ে সিএমএইচে ভর্তি করা হয়।