ফাঁকা রাজধানীতে গণপরিবহন-সংকট

আজ পবিত্র ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে রাজধানী এখন অনেকটাই ফাঁকা। রাজধানীতে বিভিন্ন এলাকার বাসিন্দারা এক স্থান থেকে আরেক স্থানে যেতে প্রয়োজনীয় গণপরিবহন পাচ্ছেন না। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঈদে অনেক গণপরিবহনে স্বল্প আয়ের মানুষ দেশের বিভিন্ন স্থানে গেছেন। ফলে রাজধানীতে গণপরিবহনের সংকট দেখা দিয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা গাবতলীতে দেখা গেছে, অন্য সময়ের মতো রাজধানীতে চলা গণপরিবহনের সংখ্যা তেমন নেই। অনেকটাই ফাঁকা। অন্য সময়ের মতো ভিড়ও নেই আবার হাঁকডাকও নেই। ফার্মগেট এলাকায় যেমন বাস অন্যান্য গণপরিবহনের দীর্ঘ সারি দেখা যায়, আজকে তেমন ছিল না। কয়েকজন বাসের চালক জানালেন, গত দুই–তিন দিনে রাজধানীতে চলা বিভিন্ন গণপরিবহন ঢাকার বাইরে ভাড়ায় গেছে। এই গাড়িগুলো ভাড়া করেছেন মূলত গার্মেন্টস কর্মী ও স্বল্প আয়ের মানুষ। তাই কয়েক দিন ধরে বাসের সংকট দেখা গেছে।
মিরপুর-ফার্মগেট থেকে গুলিস্থান গন্তব্যে চলে এমন একটি বাসের চালক জামাল মিয়া বলেন, প্রতি ঈদেই অল্প আয়ের মানুষ এসব গাড়ি নিয়ে দেশের বাড়ি যান। আবার সঙ্গে করে নিয়ে আসেন। তাই এই সময়ে বাসের সংকট দেখা যায়। এটাই প্রধান কারণ বলে জানান তিনি। এদিকে যে স্বল্প পরিমাণ বাস আছে, সেগুলোর কর্মীরাও সংকটের সুযোগ বুঝে ভাড়া বাড়িয়ে দিয়েছেন।
সকালে ফার্মগেট থেকে উত্তরার বাস খুঁজছিলেন আবদুল মালেক নামের এক বেসরকারি চাকরিজীবী। তিনি জানালেন, তাঁর পরিবার উত্তরায় থাকে। জরুরি কাজে ফার্মগেট এসেছিলেন। সকালে তিনি অনেকক্ষণ অপেক্ষার পর উত্তরা থেকে ফার্মগেটে আসার বাস পেয়েছেন। তবে এ জন্য ২০ টাকার ভাড়া ৪০ টাকা দিতে হয়েছে। এখন ফার্মগেট থেকে উত্তরার বাসের জন্য অপেক্ষা করছেন, কিন্তু বাস মিলছে না। বাস কমে যাওয়ায় অনেকে রিকশায় উঠছেন। এদিকে অটোরিকশা কমে যাওয়ায় বিভিন্ন স্থানে যেতে বেশি টাকা গুনতে হচ্ছে মানুষকে।
দেশের অন্যতম বড় বাস সেবাদাতা প্রতিষ্ঠান হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মো. মোশারফ হোসেন বললেন, ঈদ উপলক্ষে স্বল্প আয়ের মানুষ ঢাকা-গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলে, এমন বাসগুলো নিয়ে দেশের বিভিন্ন স্থানে যান, তাই এই সময়ে গণপরিবহনের সংকট দেখা দেয়।