ফাঁকা রাজধানীতে ফিরছে মানুষ প্রাণ নেই অফিসপাড়ায়
ঈদুল ফিতরের তিনদিনের সরকারি ছুটি শেষ। তবে এখনো ফাঁকা রাজধানী ঢাকা। গতকাল সোমবার সরকারি-বেসরকারি অফিস খোলার প্রথম দিনে উপস্থিতির হার ছিল কম। ছিল না যানজট। মতিঝিল অফিসপাড়ায় ছিল না প্রাণচাঞ্চল্য। তবে ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ।গত শুক্রবার থেকে শুরু হয়ে রোববার শেষ হয় ঈদের ছুটি। সাপ্তাহিক ছুটির সঙ্গে অতিরিক্ত একদিন যোগ হওয়ায় অনেকেই ঝক্কি-ঝামেলা পেরিয়ে গ্রামের বাড়ি যাননি। ঈদ উদ্যাপন করেছেন রাজধানীতেই।গতকাল সরকারি অফিসগুলোয় কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল কম। গতকাল যাঁরা কর্মস্থলে যোগ দিয়েছেন তাঁরাও সময় কাটিয়েছেন পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও খোশগল্প করে। ঈদের ছুটি শেষে প্রথম দিনে মন্ত্রিসভার বৈঠক থাকায় সচিবালয়ে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তবে রাজধানীর রেলওয়ে স্টেশন, বিভিন্ন আন্তজেলা বাস টার্মিনাল ও লঞ্চ টার্মিনালে গতকাল সকাল থেকেই দেখা গেছে রাজধানীমুখী মানুষের ভিড়। স্বজনদের সঙ্গে বেশি সময় কাটাতে না পারায় অনেকেই ফিরেছেন অতৃপ্তি নিয়ে।কমলাপুর রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দূরপাল্লার ফিরতি রেলগুলোতে অনেক আসন এখনো ফাঁকা, যাত্রী কম। তবে ব্রাহ্মণবাড়িয়া-ঢাকার মতো স্বল্প দূরত্বে রেলে যথেষ্ট ভিড় রয়েছে। আর দূরপাল্লার রাতের রেল, বিশেষ করে চট্টগ্রাম ও রাজশাহী থেকে ঢাকার রেলের অধিকাংশ টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে।ছুটি শেষে অফিস খোলায় সকাল থেকেই রাজধানীর রাস্তায় যানবাহন চলাচল কিছুটা বেড়েছে। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে সক্রিয় দেখা গেছে পুলিশ সদস্যদের।