ফাঁকা শহরে বিভিন্ন বাসায় চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির ঈদের ছুটিতে চট্টগ্রাম শহরে একাধিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল এসব ঘটনায় স্বর্ণালংকার ও কয়েক লাখ টাকা নিয়ে গেছে বলে এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে। এসব ঘটনায় থানায় মামলা হয়নি। পুলিশও কাউকে আটক করেনি। জানা যায়, নগরের কোতোয়ালি থানার হেমসেন লেইন এলাকায় দুটি বাসায় চুরি হয়েছে। এ দুই বাসা থেকে প্রায় ২৮ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা নিয়ে গেছে। পুলিশ সূত্র জানায়, ২৯ হেমসেন লেইনের বাসাটির মালিক জনৈক কাতার প্রবাসী মো. রফিক। এই ভবনের দোতলায় সামনাসামনি দুটি ফ্ল্যাটে মালিক ও ভাড়াটিয়া নেছার আহমেদ জাহাঙ্গীর বসবাস করেন। এই দুই বাসায় চুরি হয়। জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির মালিক রফিকের পরিবারের সদস্যরা হাটহাজারীর মদুনাঘাট বেড়াতে যান। আর ভাড়াটিয়া নেছার আহমদের পরিবার যায় সীতাকুণ্ডে গ্রামের বাড়ি। শনিবার সকালে ভাড়াটিয়ার পরিবারের লোকজন ফিরে এসে দেখতে পান, তাঁদের দরজা খোলা। এ সময় মালিকের ফ্ল্যাটের দরজাও খোলা দেখে তাঁরা মালিককে খবর দেন। কোতোয়ালি থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার সিনহা বলেন, ‘দরজার হুক বাঁকা করে এই চুরি হয়। ভাড়াটিয়া নেছার আহমদের পরিবারের লোকজন জানিয়েছেন, তাঁদের বাসা থেকে প্রায় ২৬ ভরি স্বর্ণালংকার এবং এক লাখ ১৫ হাজার টাকা নিয়ে গেছে। আর মালিকের ছেলে ফয়সাল জানিয়েছেন, তাঁদের বাসা থেকে দুই ভরি স্বর্ণালংকার আর টাকা খোয়া গেছে। তাঁদের মামলা করার জন্য বলা হয়েছে।’নগরের পশ্চিম বাকলিয়া ডিসি রোডের নিরাপদ হাউজিং সোসাইটিতে গ্রিল কেটে এক বাসা থেকে নগদ ১৫ হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে চোরেরা। ডক্টরস ভিলা নামে ওই ভবনের তৃতীয় তলায় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সৌরভ কুমার দাশ ভাড়া থাকতেন। ঈদের ছুটিতে তালা দিয়ে তাঁরা লোহাগাড়ার বাড়িতে যান। শনিবার রাতে বাসার তালা খুলে দেখা যায় ভেতরের জিনিসপত্র তছনছ করা অবস্থায় রয়েছে। তখন জানালার গ্রিল কাটা অবস্থায় দেখা যায়। ভবনের মালিক মৃদুল মল্লিক চুরির সত্যতা স্বীকার করে বলেন, ‘পাশের নির্মাণাধীন একটি ভবন দিয়ে গ্রিল কেটে চোরেরা বাসায় ঢুকেছে। এ ব্যাপারে আমরা বাকলিয়া থানায় গিয়ে অভিযোগ দিয়েছি। পুলিশ এসে দেখে গেছে।