ফাঁকা শহরে রিকশার ভাড়া বেড়েছে তিন গুণ
‘ঈদের আমেজ এখনো শেষ হয়নি। শহরে তীব্র রিকশাসংকট। রিকশা পাওয়া গেলেও চালকেরা প্রচুর ভাড়া দাবি করছেন। এই অবস্থায় গত কয়েক দিনে আমাকে অনেক টাকা রিকশা ভাড়া দিতে হয়েছে।’ কথাগুলো বলছিলেন কবি পিয়াস মজিদ। ঈদের দুই দিন পর পিয়াস মজিদ কুমিল্লা থেকে সিলেটে বেড়াতে এসেছেন। তাঁর দাবি, ঈদের কারণে শহর এখনো ফাঁকা। রিকশা চলাচলও একেবারে কম। এই অবস্থায় কিছুসংখ্যক চালক যাত্রীদের কাছ থেকে প্রচুর ভাড়া আদায় করছেন। যাত্রীরা জানান, ফাঁকা শহরে রিকশা চলাচল কম থাকায় চালকেরা অন্য যেকোনো সময়ের তুলনায় কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছেন। চালকদের দাবি অনুযায়ী টাকা না দিলে রিকশায় যাত্রীদের বহন না করারও অভিযোগ করেছেন বেশ কয়েকজন যাত্রী। বিলপার এলাকার ব্যবসায়ী কামাল উদ্দিন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘অবস্থা দেখে মনে হচ্ছে, কোনো নিয়মনীতি নাই। চালকেরা যে যেভাবে পারে রিকশার ভাড়া আদায় করছে। এটা একধরনের ডাকাতি।’ সোনারপাড়া এলাকার বাসিন্দা মাইনুল হক বলেন, ‘ঈদের ছুটিতে কয়েকজন আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে পরিবারের সদস্যদের নিয়ে বের হয়েছি। কিন্তু আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে। পর্যাপ্ত রিকশার অভাবে রিকশাচালকদের হাতে জিমিঞ্চ হয়ে পড়তে হচ্ছে। নগরের এক পাড়া থেকে অন্য পাড়ায় যেতে অন্তত তিন গুণ বেশি ভাড়া দিতে হচ্ছে।’ এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশন নগরে রিকশা চলাচলে একটি নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করার চেষ্টা করছে। এ তালিকা চূড়ান্ত হলে নগরবাসীকে ভবিষ্যতে এ ধরনের দুর্ভোগে পড়তে হবে না।’