ফাঁকা হচ্ছে চট্টগ্রাম নগর
চট্টগ্রাম সিটি করপোরেশন রেলওয়ে হাসপাতাল কলোনি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার আচার্য। পূজার ছুটিতে গ্রামের বাড়ি চন্দনাইশ উপজেলার হাশিমপুরে গেছেন ১০ অক্টোবর।
তিনি বললেন, ‘স্কুল ছুটির পরদিনই পরিবার-পরিজন নিয়ে বাড়ি চলে আসি। শহরে থাকলেও আমরা প্রতিবছর দুর্গাপূজার সময়টা গ্রামেই কাটাই। দশমীর আনুষ্ঠানিকতা শেষ করে তবেই ফিরব।’
শহরের কাছাকাছি পূজামণ্ডপ থাকলেও অনেক নগরবাসীই নাড়ির টানে ছুটে যান গ্রামে। অন্তত অষ্টমী থেকে দশমীর দিনগুলো তাঁরা কাটাতে চান প্রিয়জনদের সঙ্গে। সেই হিসেবে অফিস-আদালতের কাজকর্ম সেরে গত শুক্র ও শনিবারের মধ্যেই শহর ছেড়ে গেছেন তাঁরা।
একটি বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা আবীর চক্রবর্তী বললেন, ‘শনিবার দিনের বেলাটায় অফিসের কিছু জরুরি কাজ সেরে আমি সন্ধ্যায় মা-বাবা, বোনকে নিয়ে পটিয়ায় গ্রামের বাড়িতে রওনা দিয়েছি। ওখানে আমরা দাদা-কাকাদের সঙ্গে পূজা উদ্যাপন করি।’
আজ সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের দিন, সরকারি ছুটি। এ বছর কোরবানির ঈদের ছুটির আগে যোগ হয়েছে বাড়তি এক দিনের ছুটি। আর তা কাজে লাগাতে অনেকেই বৃহস্পতিবারেই শহর ছেড়ে গেছেন। কিন্তু কাজের চাপে যাঁরা ছুটির হিসাব মেলাতে পারেননি, তাঁদের অপেক্ষায় থাকতে হয়েছে গতকাল রোববার পর্যন্ত। কিন্তু শেষ মুহূর্তে বাড়ি ফেরার আয়োজনটা সুখকর ছিল না সবার জন্য।
বরিশালের বাসিন্দা ব্যাংক কর্মচারী সায়েদুল ইসলাম স্ত্রী, ছেলেমেয়ে নিয়ে ট্রাকে করে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, কোথাও টিকিট পাননি। তিনি বললেন, ‘যে করেই হোক, আমাকে বাড়ি যেতে হবে। সেখানে গিয়ে কোরবানির সব ব্যবস্থা করতে হবে আমাকে। শিপে (জাহাজ) যাওয়ারও কোনো সিট পাইনি। বাসেও একই অবস্থা। অবশেষে আমরা আরও কয়েকটি পরিবার মিলে ট্রাকে করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
গতকাল নগরের কদমতলী বিআরটিসি বাসস্ট্যান্ডে গিয়েও দেখা গেছে যাত্রীদের ভিড়। দূরপাল্লার যাত্রীরা মালামাল নিয়ে স্ট্যান্ডে অপেক্ষা করছেন। তাঁরা আগাম টিকিট নিয়ে বসে আছেন বাসের জন্য। একই এলাকায় ঢাকা-চট্টগ্রাম, উত্তর ও দক্ষিণবঙ্গগামী বেসরকারি বাস কাউন্টারগুলো প্রায় ফাঁকা পড়ে ছিল।
৯ অক্টোবর থেকে সিটি করপোরেশন পরিচালিত ও সরকারি স্কুল-কলেজগুলোতে পূজা ও ঈদের ছুটি শুরু হয়েছে। এগুলো বন্ধ থাকবে ১৯ অক্টোবর পর্যন্ত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হয়েছে ১০ অক্টোবর। ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে।
এদিকে নগরের ব্রোকার হাউসগুলোতে গতকাল থেকেই ছুটির আমেজ চলছে। বিনিয়োগকারীদের সংগঠন ইনভেস্টরস ফোরাম অব চিটাগাংয়ের যুগ্ম আহ্বায়ক এম এ কাদের বলেন, ‘বাজারের আশানুরূপ উন্নতি না হওয়ায় ধারদেনাগ্রস্ত অনেক বিনিয়োগকারী এবারও
ঈদ উদ্যাপনের অসামর্থ্য এবং লজ্জা ঢাকতেই গ্রামের বাড়ি গেছেন।’