ফাঁকা হয়ে আসছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

ফাঁকা হয়ে আসছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। আজ দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত মহাসড়কে মির্জাপুর উপজেলার ধেরুয়া থেকে কদিমধল্যা পর্যন্ত ব্যাপক যানজট ছিল। তবে বিকেল সাড়ে পাঁচটার পর থেকে জট কমতে থাকে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহাসড়কে গিয়ে দেখা গেছে যানবাহনের সংখ্যা কমে গেছে। দ্রুতগতিতে চলছে যান।
গতকাল বৃহস্পতিবার ছিল ঈদের ছুটির আগে শেষ কর্মদিবস। তাই অফিস এবং বিশেষ করে পোশাক কারখানা ছুটির পর এই মহাসড়কে উত্তরাঞ্চলগামী যাত্রীদের ঢল নামে। আজ সকাল থেকে যানবাহনের চাপ আরও বাড়তে থাকে।
পুলিশ ও যানজটে আটকে থাকা যানবাহনের কয়েকজন চালক জানান, সকালে গাজীপুরের চন্দ্রা থেকে কালিয়াকৈর পর্যন্ত যানবাহনের প্রচুর চাপ থাকলেও মির্জাপুরের গোড়াই ক্যাডেট কলেজ এলাকা থেকে জামুর্কী পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার এলাকায় দুপুর পর্যন্ত যানবাহন নির্বিঘ্নে চলাচল করেছে। তবে দুপুরের পর থেকে যানবাহনের চাপ বেড়ে যায়। বেলা দুটার পর থেকে উপজেলার ধেরুয়া থেকে জামুর্কী পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকা অনেকটা স্থবির হয়ে পড়ে। দুই ঘণ্টা পর বেলা সোয়া চারটার দিকে আবার চলতে শুরু করে। কিন্তু গতি খুবই কম ছিল।
ঢাকা থেকে সিরাজগঞ্জগামী যাত্রী গোলাম মুর্তজা জানান, গতকাল বাসে ওঠেন রাত তিনটায়। এরপর সাভার যেতে না যেতেই ফজরের আজান। সকাল ১০টায় চন্দ্রা। আর যখন টাঙ্গাইল বাইপাসে তখন জুমার নামাজ। তিনি বলেন, ‘দুই-আড়াই ঘণ্টার পথ পাড়ি দিতে ১২ ঘণ্টা লেগেছে।’
আজ বেলা তিনটায় মির্জাপুর বাইপাসে গিয়ে উত্তরাঞ্চলগামী যানবাহনকে স্থবির অবস্থায় দেখা যায়। তখন অনেক চালককে ক্লান্ত হয়ে নিজের আসনে ঘুমাতে দেখা যায়।
পাবনাগামী ট্রাকচালক লোকমান হোসেন জানান, চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত মাত্র ৩০ মিনিটের রাস্তা ৩ ঘণ্টায় পৌঁছান। কিন্তু মির্জাপুরে এসে একই জায়গায় তাঁকে এক ঘণ্টা ধরে বসে থাকতে হয়।
টাঙ্গাইলের মির্জাপুর বাইপাসের বাওয়ার রোডে আজ দুপুরের পর থেকে তীব্র যানজট সৃষ্টি হয়। যাত্রীদের অনেকেই এ সময় যানবাহন থেকে নেমে আসেন। বাওয়ার রোডে মুদিদোকান করেন ইউনুস আলী মিয়া। তিনি বললেন, ‘দুপুরের পর থাইক্যা যানজট লাইগ্যা ছিল। যখন যানজট ছিল একসাথে অনেক যাত্রী নাইম্যা আসছিল। আমার দোকানের সব মালামাল শ্যাষ হইয়্যা গেছে। পানীয় বিক্রি হইছে বেশি।’
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোতালেব হোসেন বলেন, রাস্তায় দুপুরের দিকে হঠাৎ প্রচুর যানবাহন দেখা যায়। এতে ধীরগতিতে যান চলে। তবে বিকেল থেকে যানবাহন কম দেখা যাচ্ছে। পুলিশ যানজট এড়াতে কাজ করে যাচ্ছে।