রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাঢ়িয়াদহ ইউনিয়নে সরকারের দারিদ্র্যবান্ধব খাদ্য কর্মসূচির (১০ টাকা কেজি) তৃতীয় দফার চাল দেওয়ার সময় ফাঁকির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দুই পরিবেশককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন আদালত।
অভিযুক্ত দুই পরিবেশক হচ্ছেন মাইনুদ্দিন ও আবুল কাশেম। তাঁদের মধ্যে আবুল কাশেম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাইনুদ্দিন ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বর্তমানে ইউনিয়ন কৃষক লীগের সদস্য।
গতকাল মঙ্গলবার ওই ইউনিয়নে তৃতীয় দফায় ১০ টাকা কেজির চাল বিতরণের কথা ছিল। গত শনিবার কার্ড হাতে পেয়ে এর মালিকেরা দেখেন, কারও নামে আগে দুবার, কেউ একবার চাল পেয়েছেন। তাঁরা ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন। এ নিয়ে গত সোমবার প্রথম আলোতে ‘কার্ড হাতে পেয়ে হতভম্ব তারা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
ইউএনও জাহিদ নেওয়াজ জানান, দুই পরিবেশকের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছেন। অভিযুক্তরা জরিমানার টাকা পরিশোধ করে দেন। তবে তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের ডিলারশিপ বাতিল করা হবে।