ফাঁদ পেতে চড়ুই নিধন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের ডিমাই বাজার এলাকায় তিনটি পুরোনো গাছে জাল দিয়ে ফাঁদ পেতে দুর্বৃত্তরা শতাধিক চড়ুই পাখি আটক করে নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডিমাই বাজারের একপাশে ৩০-৪০ বছরের পুরোনো দুটি রেইন ট্রি ও একটি জামগাছ আছে। ঘন ডালপালাসমৃদ্ধ ওই তিনটি গাছে বেশ কিছু চড়ুই পাখি দীর্ঘদিন ধরে বাসা বেঁধে থাকে।বাজারের পাহারাদার সয়ফর আলীর (৪০) ভাষ্যমতে, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে মুখোশধারী চার-পাঁচজন লোক তিনটি গাছের ডালপালা জাল দিয়ে মুড়িয়ে দেয়। টের পেয়ে বাসা থেকে বেরোনোর চেষ্টা করলে শতাধিক চড়ুই পাখি ওই ফাঁদে আটকা পড়ে। পরে পাখিগুলোকে ছুরি দিয়ে জবাই করে চটের বস্তায় ভরে তারা নিয়ে যায়। এ সময় পাখি না মারতে আকুতি-মিনতি করলে দুর্বৃত্তরা তাঁকে প্রাণনাশের হুমকি দেয়।স্থানীয় লোকজন জানান, দুর্বৃত্তরা চলে যাওয়ার পর পাহারাদার সয়ফরের চিত্কারে তাঁরা ছুটে আসেন। গাছের নিচে ছোপ ছোপ রক্তের দাগ দেখা যায়। অনেক খোঁজাখুঁজি করেও দুর্বৃত্তদের সন্ধান পাওয়া যায়নি।ডিমাই গ্রামের বাসিন্দা ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার আবদুল আজিম (৬০) বলেন, ‘সন্ধ্যা নামলেই তিনটি গাছে হাজার হাজার চড়ুই পাখির মেলা বসত। গাছগুলো যেন তাদের বাড়িঘর ছিল। দেখতে চমত্কার লাগত। কিছু রসনাবিলাসীর কারণে এদের রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজ উদ্দিন গতকাল সন্ধ্যায় জানান, এ ঘটনায় ডিমাই বাজারে স্থানীয় লোকদের নিয়ে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।পরিবেশ অধিদপ্তরের উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র্য ব্যবস্থাপনা প্রকল্পের (সিডব্লিউবিএমপি) কুলাউড়া কার্যালয়ের বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তা বশির আহমেদ বলেন, ‘কাজটি মোটেই ঠিক হয়নি। চড়ুই বিভিন্ন জাতের পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এটিসহ অন্যান্য পাখির আবাসস্থল রক্ষা ও সেগুলো সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে ওই এলাকায় প্রচারণা চালানো হবে।’বড়লেখার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’