ফাঁদে ধরা পড়ল মেছো বাঘ, বন বিড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খামারের হাঁস খেতে এসে মালিকের পাতা ফাঁদে ধরা পড়েছে একটি মেছো বাঘ ও দুটি বনবিড়াল। গত শুক্রবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের উত্তর বাড়ন্তী এলাকার নন্দীপুর গ্রামে এগুলো ধরা পড়ে। কয়েক দিন আগে একই খামারে ধরা পড়া দুটি বনবিড়াল মারা গেলেও ভাগ্যক্রমে এই তিনটি প্রাণী বেঁচে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দীপুর গ্রামের জাবেদ আহমদের একটি হাঁসের খামার আছে। খামারে মেছো বাঘসহ বিভিন্ন প্রাণী রাতের বেলা উত্পাত করে। প্রাণীর থাবা থেকে হাঁস রক্ষায় লোহার তৈরি খাঁচায় হাঁস রেখে ফাঁদ পেতে রাখেন তিনি।
নন্দীপুর গ্রামের সামন্ত সাবুল গতকাল বলেন, শুক্রবার রাত দেড়টার দিকে হাঁস খেতে এলে একটি মেছো বাঘ ও দুটি বনবিড়াল ফাঁদে আটকা পড়ে। প্রাণীগুলো উদ্ধার করা না হলে মারা যেতে পারে। জাবেদ আহমদ বলেন, ‘প্রায়ই আমার খামারে হাঁস খেতে আসে। লোহার পিঞ্জিরায় (খাঁচায়) হাঁস রেখে ফাঁদ দিয়েছিলাম।’
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের রেঞ্জার ইমাম উদ্দিন গতকাল বিকেলে বলেন, ‘প্রাণীগুলো উদ্ধার করে নিয়ে আসব।’