ফাঁদে পড়েও মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িতে মুরগির খামার। পাশের জঙ্গল থেকে একটি মেছোবাঘ প্রায়ই খাবারের খোঁজে এসে খামারে ঢুকে মুরগি সাবাড় করত। এ অবস্থা থেকে রক্ষা পেতে বাড়ির মালিক লোহার খাঁচা দিয়ে একটি ফাঁদ স্থাপন করেন। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে মেছোবাঘটি খাবারের লোভে খামারে গিয়ে আটকা পড়ে ফাঁদে। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঘোলসা গ্রামে। বন বিভাগ সূত্রে জানা গেছে, ঘোলসা গ্রামে জাবেদ আহমদের বাড়িতে একটি মুরগির খামার আছে। প্রায়ই ওই খামারের মুরগি সাবাড় করত মেছোবাঘটি।জাবেদ আহমদের ভাষ্যমতে, চার-পাঁচ দিন আগে তিনি একটি লোহার খাঁচা তৈরি করেন। পরে ওই খাঁচার ভেতর মুরগির মাংস রেখে ফাঁদ পাতেন। গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে খাবারের লোভে মেছোবাঘটি খাঁচায় ঢুকলে আর বের হওয়ার সুযোগ পায়নি। মেছোবাঘটির দৈর্ঘ্য প্রায় তিন ফুট, উচ্চতা প্রায় দেড় ফুট। খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে মেছোবাঘটিকে উদ্ধার করে আনেন। বিকেল চারটার দিকে মাধবকুণ্ড ইকোপার্কে এটিকে অবমুক্ত করা হয়।জুড়ী-২ রেঞ্জের (বড়লেখা) বন কর্মকর্তা হেলাল উদ্দিন আহমেদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘ঘোলসা এলাকায় এখনো কিছু কিছু গভীর জঙ্গল আছে। মেছোবাঘটির আবাসস্থল সম্ভবত সেখানেই। সম্ভবত প্রাকৃতিক খাবারের সংকটেই মেছোবাঘটি লোকালয়ে প্রবেশ করত।’ উল্লেখ্য, মাধবছড়া বিট-সংলগ্ন পানিধার এলাকায় গত মঙ্গলবার সকালে এলাকাবাসীর হাতে একটি মায়া হরিণ ধরা পড়ে। পরে বন বিভাগ সেটিকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলার আদমপুর বিটের গভীর বনে অবমুক্ত করে।