ফাঁদে ফেলে চাঁদাবাজি!
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল গ্রামে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র প্রতারণার মাধ্যমে নিরীহ মানুষকে ফাঁদে ফেলে চাঁদা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বড়াইল গ্রামের মোতালেব সরকার, হইবর রহমান আকন্দ, আমজাদ হোসেন, আরাম হোসেন ও আবদুস সামাদ প্রামাণিক সংঘবদ্ধ চক্রকে প্রত্যক্ষ-পরোক্ষভাবে নেতৃত্ব দেন। গ্রামে প্রভাবশালী ও রাজনৈতিক দলের কর্মী হওয়ায় সাধারণ মানুষ তাঁদের বিরুদ্ধে কোনো কথা বলতে সাহস পায় না।বড়াইল গ্রামের সদ্য বিবাহিত আমিনুল ইসলাম অভিযোগ করেন, ১০ এপ্রিল তাঁর বিয়ের দিন ধার্য ছিল। ৮ এপ্রিল রাত ১১টার দিকে ওই চক্রের কয়েকজন জরুরি কথা আছে বলে তাঁকে বড়াইল তিনমাথা বাজারের একটি দোকানঘরে নিয়ে যায়। এরপর তারা জানায়, পাশের জনৈক দুই সন্তানের এক জননীর সঙ্গে তাঁর অবৈধ শারীরিক সম্পর্ক আছে—কনে পক্ষকে এ কথা জানিয়ে দেওয়া হবে যাতে বিয়ে ভেঙে যায়। একই সঙ্গে তাঁকে থানার পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হবে। তবে ৫০ হাজার টাকা চাঁদা দিলে কোনো মতে তাঁকে রক্ষা করা হবে। ভয়ে তিনি দর-কষাকষি শেষে ১৫ হাজার টাকা চাঁদা দিতে বাধ্য হন। পরে বিয়ে সম্পন্ন হওয়ার পরপরই এলাকার মানুষের কাছে ঘটনা জানানো হয়। এতে এলাকাবাসী সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং কয়েক গ্রামের কয়েক শ মানুষ তিনমাথা বাজারে বিক্ষোভ করে। পরিস্থিতি সামাল দিতে ওই চক্র ১১ এপ্রিল রাতে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে চাঁদার ১৫ হাজার টাকা ফেরত দেয়। একই গ্রামের আবদুল মজিদ আকন্দ বলেন, ‘আমার নিঃসন্তান মামা তাঁর বিষয়-সম্পত্তি দুই ভাগনে ও পালিত কন্যাসহ মসজিদে দান করে গেছেন। কিন্তু গত ৩০ জুলাই তিনি মারা যাওয়ার পর মসজিদের সম্পত্তি কম দান করেছেন—এমন অভিযোগে তাঁর দাফন-কাফনে বাধা দেয় ওই সংঘবদ্ধ চক্র। ওই দিন মসজিদে কিছু জমি দেওয়ার প্রতিশ্রুতি দিলে বিষয়টি মীমাংসা হয়।’ গ্রামের শাহীন সরকার জানান, পাঁচ বছর আগে তাঁর বড় ভাই আমিনুর রহমানের সঙ্গে এক মহিলার অবৈধ সম্পর্ক ছিল এমন অভিযোগে গ্রাম্য সালিসের মাধ্যমে একই চক্র মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় চক্রটি ওই মহিলাকে দিয়ে আমিনুরের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করায়। পরে ওই মামলায় খালাস পান আমিনুর। গ্রামের মো. বেলাল সরকার, এরশাদ আলী, আবদুল মোমেন, সামছুল আলম দেওয়ান, মীর সাহেদুল আলমসহ অনেকে জানান, ১৭ এপ্রিল বড়াইল গ্রামের আবদুল মজিদ আকন্দ তাঁর দ্বিতীয় স্ত্রী রিক্তা বেগমকে সমঝোতার মাধ্যমে তালাক দেন। ওই সালিসে ৫০ হাজার টাকা ওই সংঘবদ্ধ চক্র নিলেও রিক্তা বেগমকে দেওয়া হয় মাত্র মোহরানার ৩০ হাজার টাকা। এ ব্যাপারে পরদিন থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ওই সংঘবদ্ধ চক্র এ ধরনের ঘটনা অহরহ ঘটাচ্ছে।সংঘবদ্ধ চক্রের সদস্য মোতালেব হোসেন সরকার বলেন, ‘আমরা গ্রামের মাতব্বর হিসেবে বিচার-সালিস করে থাকি। তবে এলাকার লোকজন তিলকে তাল করে আমাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।’ একই ধরনের কথা বলেন তাঁর সহযোগী হইবর রহমান আকন্দ। বড়াইল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক খলিলুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে এসব কাজ বন্ধে প্রশাসনের সহায়তা কামনা করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন মিয়া ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, আগেও তাঁরা এ ধরনের অভিযোগ শুনেছেন। তবে কেউ লিখিত কোনো অভিযোগ করেননি।