ফাঁদের কবলে দেশি পাখি
স্থানীয় প্রশাসনের উদ্যোগে একটি গ্রামীণ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হঠাৎই কর্মকর্তাদের চোখে পড়ে অন্যান্য পণ্যের পাশে খাঁচাবন্দী বনের পাখি। তাঁদের নির্দেশে তাৎক্ষণিকভাবে পাখিগুলোকে মুক্ত করা হলো। কিন্তু খুব কম পাখির ভাগ্যেই জোটে মুক্তির স্বাদ। মৌলভীবাজারের বিভিন্ন স্থানে ফাঁদ পেতে শিকার করা নানা প্রজাতির পাখি এভাবে হাটবাজারে প্রায়শই বিক্রি হয়। বন্দুক দিয়ে শিকার নিষিদ্ধ করায় এখন তৎপর হয়ে উঠেছে ফাঁদ পেতে পাখি শিকারিরা। এরা পোষা পাখি দিয়ে বুনো পাখি তাড়িয়ে এনে জাল বা খাঁচায় আটকে ফেলে।এ ছাড়া স্থানীয়ভাবে তৈরি বাঁশের কাঠিতে আঠা লাগিয়ে এক ধরনের ফাঁদ পেতেও শিকার চালিয়ে যাচ্ছে এরা। পোকামাকড় সুতোয় ঝুলিয়ে ফাঁদে আটকে পাখির বিচরণক্ষেত্রে পুঁতে রাখা হয়। পোকামাকড় খেতে এসে ফাঁদে আটকা পড়ে পাখিগুলো। এরপর চড়া দামে হাটবাজারে বিক্রি হয় এসব পাখি। প্রত্যক্ষদর্শীরা জানায়, মৌলভীবাজার সদরের কাগাবলা ইউনিয়নের আথানগিরিসহ বিভিন্ন পাহাড়ি এলাকায় এবং বড় হাওরসহ হাওর এলাকাগুলোতে এ ধরনের শিকারি দলগুলো বেশি তৎপর। পাহাড়ি এলাকায় এখনো ঘুঘু, শালিকসহ বিভিন্ন প্রজাতির পাখির দেখা মেলে। হাওর এলাকায় পাওয়া যায় বক।মৌলভীবাজার বায়োডাইভারসিটি কনজারভেশন গ্রুপের সভাপতি সেলিম আহমদ গত বুধবার বলেন, ‘মুশকিল হচ্ছে, পাখি শিকার ও বিক্রি যে নিষিদ্ধ সেটাও অনেকে জানে না। আবার আইন প্রয়োগকারী সংস্থার বহু লোকজনও এসব পাখি কিনছে। এ ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ নেই। প্রশাসনের সংশ্লিষ্ট লোকজনের মধ্যে সমন্বয়হীনতাও রয়েছে।’মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম খান বলেন, ‘আমরা সুযোগ পেলেই বিভিন্ন হাটবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। যেখানেই বন্দী পাখি পাচ্ছি, ছেড়ে দেওয়া হচ্ছে।’