পরিচালক ও চেয়ারম্যান—এ দুই শীর্ষ কর্মকর্তার দ্বন্দ্বে বাংলাদেশ শিশু একাডেমীর কার্যক্রমে স্থবিরতার আশঙ্কা দেখা দিয়েছে। কার দায়িত্ব বা ক্ষমতা কতটুকু এ নিয়েই মূলত দ্বন্দ্বের সূত্রপাত। এ বিষয়ে দুজনের পাল্টাপাল্টি অফিস আদেশে ফাঁপরে পড়েছেন সংস্থাটিতে কর্মরত ব্যক্তিরা।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ আবদুল আহাদ প্রায় এক বছর শিশু একাডেমীর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মোশাররফ হোসেন তিন মাস ধরে পরিচালকের দায়িত্বে রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পরিচালক প্রকাশ্য সভায় চেয়ারম্যানকে একাডেমী ছাড়া করার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে চেয়ারম্যানও বাড়তি কিছু নির্বাহী ক্ষমতা দাবি করছেন, যা একাডেমীর নীতির পরিপন্থী।
পাল্টাপাল্টি অফিস আদেশ: চেয়ারম্যান ও পরিচালকের অফিস আদেশের বক্তব্যে একাডেমীতে কর্মরত ব্যক্তিরা বিব্রত। এক মাস আগে (গত ৩০ ডিসেম্বর) চেয়ারম্যান শেখ আবদুল আহাদ তিন পৃষ্ঠার একটি অফিস আদেশ জারি করেন। এতে বলা হয়, পরিচালক মোশাররফ হোসেন অফিস পরিচালনার বিষয়ে ভুল ব্যাখ্যা-সংবলিত একটি পত্র দিয়েছেন। এ ছাড়া কর্মকর্তাদের চেয়ারম্যান কোনো দাপ্তরিক প্রয়োজনে ডাকলেও না যাওয়ার নির্দেশ দিয়েছেন। সরকারের নিয়োগ করা কোনো সংস্থা প্রধানকে নিম্নপদস্থ কর্মকর্তার এ ধরনের ‘ঔদ্ধত্যপূর্ণ ও অদাপ্তরিক ভাষায়’ পত্র পাঠানো অফিস শৃঙ্খলার পরিপন্থী।
চেয়ারম্যানের ওই অফিস আদেশে আরও বলা হয়েছে, বোর্ড অব ম্যানেজমেন্ট গত বছরের ১৪ মে এবং ৩০ জুনের সভায় যে সিদ্ধান্ত নিয়েছে তা সবাইকে অনুসরণ করতে হবে। অমান্যকারীরা ‘অসদাচরণ’ করেছেন বলে গণ্য হবে। বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী একাডেমীর পরিচালক আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে পরিচালক তাঁর অফিস আদেশে দাপ্তরিক বা ব্যক্তিগত প্রয়োজনে অফিসের বাইরে যেতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে যেতে হবে বলেছেন। এ আদেশে প্রেষণে নিয়োজিত সহকারী পরিচালক আশফিকুন নাহারকে সহকারী পরিচালক (জেলা) এবং লাইব্রেরি ও শিশু জাদুঘরের তত্ত্বাবধানের দায়িত্ব দিয়েছেন। তাঁর মাধ্যমে লাইব্রেরিয়ান ও মিউজিয়াম কিপার সব নথিপত্র উপস্থাপন করবেন বলেও আদেশ দেওয়া হয়েছে। একাডেমীর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পরিচালক এভাবে কাউকে দায়িত্ব দিতে পারেন না।
স্বায়ত্তশাসিত সংস্থা শিশু একাডেমী পরিচালিত হয় বোর্ড অব ম্যানেজমেন্টের মাধ্যমে, যার প্রধান চেয়ারম্যান। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হচ্ছেন পরিচালক।
চেয়ারম্যান শেখ আবদুল আহাদ এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘পরিচালকের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। চেয়ারম্যান হিসেবে আইনের বাইরে কোনো কাজ করছি না।’
পরিচালক মোশাররফ হোসেন চেয়ারম্যানের সঙ্গে কথিত দ্বন্দ্ব, অফিস আদেশ এসব নিয়ে সরাসরি কিছু বলতে চাননি। তবে তিনি বলেন, ‘ মুক্তিযুদ্ধের চেতনায় একাডেমীর সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছি। এতে করে কারও সমস্যা হলেও করার কিছু নেই।’
মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম একাডেমীর চেয়ারম্যানের দায়িত্ব প্রসঙ্গে বলেন, ‘বোর্ড সভার সভাপতিত্ব এবং একাডেমীর কার্যক্রম দেখভাল করা তাঁর দায়িত্ব। এর আগে যাঁরা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তাঁরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব হওয়ায় সার্বক্ষণিক অফিস করতেন না। এখন যিনি আছেন তিনি তা পালন করছেন। এতে দোষের কিছু নেই।’