ফাঁস করা প্রশ্নপত্র দিয়ে পরীক্ষার ফলাফল ভালো হলেও সে শিক্ষার কোনো মূল্য নেই। তাদের পক্ষে দেশের কোনো কিছুতে অবদান রাখা সম্ভব নয়। সে কারণে শুধু জিপিএ-৫ বা পরীক্ষার ফলাফলের কথা না ভেবে শিক্ষার্থীদের প্রকৃত পড়াশোনা করার পরামর্শ দিয়েছেন লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল।
গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে পাঠকদের মুখোমুখি হয়ে এ পরামর্শ দেন তিনি। চট্টগ্রামের বই বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘বাতিঘর’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শীত আর টিপটিপ বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠানে উপস্থিত পাঠকদের বেশির ভাগই ছিল শিশু-কিশোর। অনুষ্ঠানে জাফর ইকবাল তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রশ্ন ফাঁস নিয়ে শিক্ষার্থীদের করা প্রশ্নের উত্তরে জাফর ইকবাল বলেন, ‘যেভাবেই হোক প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতেই হবে। বাংলাদেশকে গড়বে সেই ছেলেমেয়েরা, যারা প্রশ্নপত্র ফাঁস হলেও সেটি নিয়ে মাথা ঘামাবে না। সেগুলো দেখবে না। সত্যিকারের লেখাপড়া করতে শেখো, এতে পুরো দুনিয়াটা তোমাদের সামনে খুলে যাবে। ভালো পড়াশোনা করে কেউ প্রতিষ্ঠিত হয়নি এর কোনো উদাহরণ নেই।’
সমাজের সব ধরনের অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নিজের ওপর বিশ্বাস রেখো, কোনো কিছুতে আশা হারাবে না। অন্যায় কিছু হলে চিঠি লিখবে। সামাজিক মাধ্যমগুলোতে লিখবে। তোমাদের এসব নিয়ে সোচ্চার হতে হবে। চিৎকার করতে হবে।’
মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘বই পড়া একটি অসাধারণ বিষয়। বই পড়লে চিন্তার জগতে পরিবর্তন আসে। ফেসবুক ও রিয়েল বুকের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। বই পড়ে যে কেউ তার মস্তিষ্কের ব্যবহার বাড়াতে পারে।’ তিনি শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার পরামর্শ দেন। যুদ্ধাপরাধের মামলায় সাক্ষ্য না দেওয়ার বিষয়ে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তারা এ বিষয়ে তাঁর ও তাঁর পরিবারের জবানবন্দি নিয়েছিলেন। কিন্তু মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য তাঁকে আদালতে ডাকা হয়নি।
অনুষ্ঠানে মুহম্মদ জাফর ইকবালের স্ত্রী ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াসমিন হক, তাঁদের মেয়ে ইয়েশিম ইকবাল ও ছেলে নাবিল ইকবাল, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত জাহান, ইক্যুইটি প্রপার্টির ব্যবস্থাপনা পরিচালক মইনুল ইসলাম মাহমুদ, বাতিঘরের মালিক দীপংকর দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।