ফাঁস হওয়া রায়ের বিষয়ে তদন্ত করছে ডিবি

সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায়ের আগেই রায় ফাঁস হওয়ার বিষয়ে ট্রাইব্যুনালের করা জিডির ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
প্রতিমন্ত্রী বলেন, ‘গোয়েন্দা পুলিশকে (ডিবি) এ দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করছি, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ পাবে এবং তাদের আইনের আওতায় আনা হবে।’
আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সাকা চৌধুরীর রায়ের পর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইন মন্ত্রণালয় থেকে এ ধরনের রায় ফাঁসের সুযোগ নেই। যদি হয়ে থাকে, তবে সেটা সেখান (ট্রাইব্যুনাল) থেকে হতে পারে। তদন্তেই বিষয়টি বেরিয়ে আসবে।’
কামরুল ইসলাম বলেন, খন্দকার মাহবুব হোসেন বিচারসংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, তা আইনের শাসনের ক্ষেত্রে বড় অপরাধ। এটা সম্পূর্ণ আদালত অবমাননার শামিল। এ জন্য এই বক্তব্য প্রত্যাহার করতে খন্দকার মাহবুবের প্রতি আহ্বান জানান তিনি।