ফাঁসাতে গিয়ে গেলেন ফেঁসে
জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে গুলি ও গাঁজা দিয়ে ফুপাতো ভাইকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন। অবশেষে ওই ব্যক্তিকে যেতে হলো জেলে। ঘটনাটি ঘটেছে মাদারীপুরের শিবচর উপজেলার উত্তর বাঁশকান্দি গ্রামে। থানা পুলিশ সূত্র জানায়, উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ওই গ্রামের রেজাউল মাতবরের সঙ্গে ফুপাতো ভাই আবুল মাদবরের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে রেজাউলের মা শিবচর থানায় লিখিত অভিযোগ করলে গতকাল বৃহস্পতিবার উভয় পক্ষকে মীমাংসার জন্য থানায় ডাকা হয়। কিন্তু বুধবার সন্ধ্যায় হঠাৎ রেজাউল পরিচয় গোপন রেখে একটি মুঠোফোন থেকে শিবচর থানা পুলিশকে খবর দেন, আবুল মাতবরের দোকানে গুলি ও গাঁজা রয়েছে। খবর পেয়ে পুলিশের একটি দল শেখপুর বাজারে আবুলের চায়ের দোকানের সামনে থেকে শটগানের পাঁচটি গুলি ও ২১ পুরিয়া গাঁজা উদ্ধার করে। কিন্তু বিষয়টি সাজানো সন্দেহে গভীর রাত পর্যন্ত পুলিশ এলাকায় ব্যাপক অনুসন্ধান চালায়। পরে নিশ্চিত হয় ঘটনাটি সাজানো। তাৎক্ষণিকভাবে পুলিশ রেজাউলকে গ্রেপ্তার করলে তিনি ঘটনাটি সাজানোর কথা স্বীকার করেন। শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, পুলিশ কর্মকর্তাদের তৎপরতায় তাৎক্ষণিকভাবে মিথ্যা ঘটনাটি শনাক্ত করা সম্ভব হয়েছে।