ফাঁসাতে গিয়ে দুই পুলিশ অবরুদ্ধ!
ফরিদপুরের নগরকান্দা থানার একজন সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) পুলিশের দুজন সদস্যকে স্থানীয় লোকজন গত শনিবার কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাঁদের উদ্ধার করেন।স্থানীয় লোকজনের দাবি, ফাঁসানোর জন্য একজনের ঘরে পিস্তল রাখায় তাঁদের অবরুদ্ধ করা হয়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে নগরকান্দা থানার এএসআই মমিনুর রহমান একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে কামাইদিয়া গ্রামের সামচু শেখের বাড়িতে যান। সামচু শেখের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে কনস্টেবলসহ এএসআই অবরুদ্ধ হন। কয়েক ঘণ্টা পর বল্লভদী ইউপির চেয়ারম্যান নুর ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস মোল্লা তাঁদের উদ্ধার করে থানায় পাঠান।সামচু শেখ অভিযোগ করে বলেন, ‘প্রতিবেশী রাজ্জাক মাতুব্বরের সঙ্গে দীর্ঘদিন ধরে আমার বিরোধ চলছে। প্রতিপক্ষের সঙ্গে আঁতাত করে এএসআই মমিন ঘরে ঢুকে একটি পিস্তল আমার বিছানার নিচে রাখার চেষ্টা করে। এ দৃশ্য দেখে আমি চিৎকার দিলে ঘরের বাইরে থাকা লোকজন একত্র হয়ে তাঁদের আমার ঘরে আটকে রেখে ইউপির চেয়ারম্যানকে খবর দেয়। এ সময় উপস্থিত থাকা প্রতিপক্ষ দলের মামুন ও ওবায়দুর পিস্তলটি নিয়ে পালিয়ে যায়।’ঘরে পিস্তল রাখার কথা অস্বীকার করে এএসআই বলেন, ‘সামচু শেখের ভাই সোনা শেখ মামলার আসামি। তাঁকে গ্রেপ্তার করতে গেলে আমাদের আটকে রাখা হয়। পরে চেয়ারম্যান এসে আমাদের উদ্ধার করেন।’চেয়ারম্যান নুর ইসলাম বলেন, ‘আমি নগরকান্দা থানার ওসির ফোন পেয়ে ঘটনাস্থলে যাই।’ তিনি জানান, ওই বাড়িতে এর আগেও অস্ত্র রেখে লোক ধরার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে এলাকাবাসী আগে থেকেই সতর্ক ছিল।