ফাঁসাতে গিয়ে পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝগড়ার জের ধরে বিদেশি পিস্তল রেখে একজনকে ফাঁসাতে গিয়ে উল্টো দুই যুবক ফেঁসে গেছেন। পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার সকালে গাজীপুর সদর উপজেলার ভোগড়া আদেপাশা এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ভোগড়া আদেপাশা এলাকার সোহেল রানা (২৫) ও সজীব মিয়া (২২)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার আদেপাশা এলাকার রাজমিস্ত্রি আহাম্মদ আলীর সঙ্গে একই এলাকার সোহেল ও সজীবের ঝগড়া হয়। ওই ঘটনার জের ধরে তাঁরা আহাম্মদ আলীর বাড়িতে ওই দিন রাতেই একটি বিদেশি পিস্তল লুকিয়ে রেখে পুলিশে খবর দেন। সোহেল ও সজীবের দেওয়া তথ্যমতে পুলিশ গতকাল ভোরে আহাম্মদের বাড়িতে অভিযান চালায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানাধীন ভোগড়া পুলিশ ক্যাম্পের এসআই ইকরামুল হক জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে সোহেল ও সজীব জানান, আহাম্মদকে ফাঁসাতে তাঁরা পিস্তল রেখে পুলিশকে খবর দেন। এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা করা হয়েছে।