ফাঁসি কার্যকর করতে সরকার প্রস্তুত
সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। যেকোনো সময়ে এই দণ্ড কার্যকর করা হতে পারে। তার আগে সংবিধান অনুযায়ী, অপরাধ স্বীকার করে প্রাণভিক্ষার সুযোগটুকু বাকি রয়েছে।
আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফাঁসির রায় কার্যকর করতে জেলকোড অনুসরণ করতে হবে না। এর আগে আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের সময়ও তা অনুসরণ করা হয়নি। কাদের মোল্লার ফাঁসি পুনর্বিবেচনার রায়ে আপিল বিভাগ বলেছিলেন, মানবতাবিরোধী অপরাধে ফাঁসির আসামিদের ক্ষেত্রে জেলকোড প্রযোজ্য হবে না। তবে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে শুধু রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে। তবে এ প্রক্রিয়ার নির্দিষ্ট সময়সীমা না থাকায় বিষয়টি এখন সরকারের এখতিয়ারে চলে গেছে।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের প্রাণভিক্ষার জন্য যুক্তিসংগত সময় দেওয়া হবে। এর মধ্যেই সরকার সব ব্যবস্থা করে রাখবে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, রায় পুনর্বিবেচনার আবেদন খারিজের আদেশের কপি এলে নিয়মকানুন মেনেই ফাঁসি কার্যকর করা হবে।