ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের মৃত্যুদণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ। শাহবাগে তরুণ প্রজন্মের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে গতকাল শুক্রবার সংগঠনটির নেতারা ঘোষণা দেন।মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেনের নেতৃত্বে বিপুলসংখ্যক মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানেরা গতকাল শাহবাগের মহাসমাবেশে যোগ দেন। মুক্তিযোদ্ধা নেতারা বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের মৃত্যুদণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত মুক্তিযোদ্ধা সংসদ রাজপথে থাকবে।এদিকে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় আওয়ামী লীগের নেতা দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত মানবতাবিরোধী অপরাধীদের বিচারকে স্থায়ী রূপ দেওয়ার আহ্বান জানান। বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন ও গবেষণা সংসদ নামের একটি সংগঠন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ওয়াজেদ মিয়ার ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে এর আয়োজন করে।বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) গতকাল এক সভায় তরুণ প্রজন্মের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। এদিকে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত সার্জেন্ট জহুরুল হকের স্মরণসভায় আওয়ামী লীগের নেতারা বলেছেন, দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্রই যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারবে না।