ফাঁসি না দিতে ফোন এসেছিল

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর ‘দ্বৈতনীতি’র কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল বুধবার গণভবনে কলামিস্ট, লেখক, টক শোর আলোচক, সঞ্চালকসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধীদের দণ্ড কার্যকর করতে গিয়ে ‘বড় বড়’ জায়গা থেকে বাধা পাওয়ার কথাও তুলে ধরেন তিনি।
নির্যাতিত, ক্ষতিগ্রস্তের কথা না ভেবে যারা তাদের ওপর মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের মানবাধিকার নিয়েই ‘সবাই সোচ্চার’—এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা রায় কার্যকর করতে শুরু করেছি। আপনারা দেখেছেন যে, এ বিচারের রায় কার্যকর করতে গিয়ে কত উঁচু জায়গার টেলিফোন—ফাঁসি যেন দেওয়া না হয়, সেই অনুরোধ পর্যন্ত করা হয়েছে।’ তিনি বলেন, যারা ঈদের দিনে সাদ্দামকে ফাঁসি দেয়, তারাই মানবতাবিরোধী অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর না করতে বলে।
প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ‘মানবাধিকারের কথা বলব, কিন্তু মানবাধিকার যারা লঙ্ঘন করবে, তাদের মানবাধিকার রক্ষা করতে হবে নাকি? এখানে আমার একটা প্রশ্ন, যারা মারা গেল বা নির্যাতিত হলো বা ক্ষতিগ্রস্ত হলো, তাদের কথা চিন্তা না করে যারা ক্ষতি করছে, যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, সেই মানবাধিকার লঙ্ঘনকারীদের মানবাধিকার নিয়ে সবাই যেন খুব বেশি সোচ্চার হয়ে পড়ে।’ তিনি বলেন, ‘এই একটা অদ্ভুত বিষয় আমি সব সময় দেখি যে, অপরাধীদের জন্য সবার মায়াকান্না। আর এই অপরাধীদের জন্য যারা জীবনটা দিল, তাদের জন্য অত দুঃখ নাই।’
মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, মানবাধিকার সংগঠন ধোঁকাবাজি করা সংগঠন। যখন দেশের মানুষদের পুড়িয়ে মারা হয়, তখন তাদের মানবাধিকার লঙ্ঘন হয় না, কিন্তু যখন ওই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তখন নাকি মানবাধিকার লঙ্ঘন হয়। আসলে এসব সংগঠনের অভ্যাস হলো বাংলাদেশে কোনো ঘটনা ঘটলে লাফ দিয়ে পড়া।
মতবিনিময়ে অংশগ্রহণকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘সমালোচনা আপনারা করবেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু এমন কিছু করবেন না, যাতে ওই সন্ত্রাসী গ্রুপ বা যারা বাংলাদেশের স্বাধীনতাই চায়নি, তাদের হাত শক্তিশালী হয়। এটুকুই সহযোগিতা চাইব।’
মতবিনিময়ে অন্যদের মধ্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, লেখক সেলিনা হোসেন, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, মানবাধিকারকর্মী সুলতানা কামাল, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
খালেদার বিপরীতে: নির্বাচনী আচরণবিধির কারণে দল-সমর্থিত প্রার্থীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জ্যেষ্ঠ নেতাদের প্রচারণার সুযোগ না থাকায় গুরুত্বপূর্ণ অন্য কাউকে মাঠে নামানোর চিন্তাভাবনা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রচারণায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নামবেন—এ চিন্তা থেকে মূলত তাঁর বিপরীতেই ওই ব্যক্তিকে নামানোর কথা ভাবছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের কেউ হতে পারেন তিনি। তবে প্রচারে তাঁর যোগ দেওয়ার ব্যাপারে বিধিনিষেধ আছে কি না, তা-ও খতিয়ে দেখবে দলটি।
গতকাল রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলীয় নেতারা ওই ব্যক্তিকে মাঠে নামানোর পক্ষে প্রস্তাব দেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
নির্বাচনে সর্বশক্তি দিয়ে নেতা-কর্মীদের মাঠে নামারও নির্দেশ দেওয়া হয়। শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সূচনা বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এর আগে মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষের সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।