ফাঁসি না হওয়া পর্যন্ত গণজাগরণ মঞ্চের অবস্থান কর্মসূচি

বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত শাহবাগে গণ-অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।
গতকাল শুক্রবার সাকা-মুজাহিদের ফাঁসির রায় অনতিবিলম্বে কার্যকর করার দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক গণসমাবেশ থেকে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ ঘোষণা দেন। তিনি বলেন, রায় কার্যকর না হওয়া পর্যন্ত তাঁরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
ইমরান এইচ সরকার বলেন, বিএনপি যে বিবৃতি দিয়েছে তাতে দেখা যায় যে জামায়াতের সঙ্গে তাদের যে পার্থক্য, তা তারা মুছে ফেলেছে। এখন জামায়াত আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। কেননা তারা মুক্তিযোদ্ধা আর যুদ্ধাপরাধীদের মধ্যে পার্থক্য করতে পারছে না। তারা যুদ্ধাপরাধীদের স্বাধীনতার বন্ধু হিসেবে দাঁড় করাচ্ছে।
গণসমাবেশে উদীচীর সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, অ্যাডভোকেট সাঈদা সুলতানা এ্যানী, ব্লগার মারুফ রসূল, ভাস্কর রাশা, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম জিলানী প্রমুখ বক্তব্য দেন।