ফাঁসি-ফাঁসি খেলতে গিয়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নে আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফাঁসি-ফাঁসি খেলতে গিয়ে রশিতে ফাঁস লেগে অনিক (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

অনিক লক্ষ্মীরচর ইউনিয়নের বারুয়ামারি দক্ষিণপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে। সে বারুয়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনিকদের বাড়ির পেছনে একটি ঘরের চালের সঙ্গে রশি বেঁধে অনিকসহ কয়েকজন শিশু ফাঁসি-ফাঁসি খেলছিল। এ সময় দুর্ঘটনাবশত রশির সঙ্গে ফাঁস লেগে অনিক ঝুলে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

লক্ষ্মীরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান কবীর প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বারুয়ামারি তদন্তকেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মোখলেছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।