ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে ফাঁসি ফাঁসি খেলা খেলতে গিয়ে হীরা আহমেদ (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার প্রতিমাবংকী গ্রামে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে। হীরা প্রতিমাবংকী ফাজিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম বুলবুল আহমেদ। বাবা-মা উভয়ই গাভি লালন-পালন করে দুধ বেচে সংসার চালান।
শিশুটির পারিবারিক সূত্র জানায়, সকালে বাবা বুলবুল আহমেদ পাশের বাড়ি বিয়ের অনুষ্ঠানে চলে যান। শিশুটির মা তাঁর তিন ছেলেকে সকালে খাবার খাইয়ে বাড়ির পাশেই গাভির দুধ ধোহাচ্ছিলেন। ওই সময় ছোট দুই ছেলে হীরা ও সোহাগ ঘরে খেলছিল। হীরা একপর্যায়ে ছোট ভাই সোহাগকে (৭) ঘরের খাটের খুঁটিতে রশি বেঁধে গলায় লাগিয়ে ফাঁসি খেলা দেখাচ্ছিল। একপর্যায়ে ওই রশি হীরার গলায় আটকে খাট থেকে ছিটকে মাটিতে পড়ে যায়। পরে ছোট ভাই সোহাগ দৌড়ে গিয়ে মাকে খবর দেয়। মা ছুটে এসে দেখে হীরার গলায় রশি আটকে যন্ত্রণায় ছটফট করছে। তাঁর চিৎকারে প্রতিবেশী লোকজন এসে হীরাকে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা এ বি এম ইয়াসিন উল্লাহ শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জিন্নত আলী জানান, এক বছর আগে গলায় রশি দিয়ে ফাঁসি খেলা খেলতে গিয়ে হীরার চাচাতো ভাই জামাল হোসেনের (১৫) মৃত্যু হয়েছিল।