ফাঁসি বহালে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও সাকা চৌধুরীর ফাঁসির রায় বহাল রাখায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের আনন্দমিছিল। ছবি: ফোকাস বাংলা
আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও সাকা চৌধুরীর ফাঁসির রায় বহাল রাখায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের আনন্দমিছিল। ছবি: ফোকাস বাংলা

যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় বহাল থাকায় রাজধানীতে আনন্দ মিছিল হয়েছে। আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন মিষ্টি বিতরণ করেছে। আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন।

বেলা সাড়ে ১১টার দিকে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য আনা পৃথক আবেদন খারিজ করে ফাঁসির রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এ আদেশের পর ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ, ওলামা লীগ, আওয়ামী সমর্থক জোট, বঙ্গবন্ধু যুব পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট দলীয় কার্যালয়ের সামনে একে অপরকে মিষ্টি খাওয়ান। পরে একটি আনন্দ মিছিল বের করেন তাঁরা। এসব মিছিল বঙ্গবন্ধু অ্যাভিনিউ-জিরোপয়েন্ট-গুলিস্তানসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় ত্রাণমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ প্রমুখ অংশ নেন।
দুই যুদ্ধাপরাধীর ফাঁসি বহাল হওয়ায় বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ। সংগঠনের আহ্বায়ক ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এই মিছিলটি শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।