ফাঁসি-সংশ্লিষ্ট কর্মকর্তারা কারাগারে
ফাঁসি-সংশ্লিষ্ট কর্মকর্তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢুকেছেন। আজ শনিবার সন্ধ্যার কিছু পরে তাঁরা প্রধান ফটক দিয়ে কারাগারে ঢোকেন।
মানবতাবিরোধী অপরাধে জামায়াতের ফাঁসির দণ্ডপ্রাপ্ত সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি আজ শনিবার কার্যকর করা হতে পারে বলে জানা গেছে। প্রাণভিক্ষার জন্য তিনি কোনো আবেদন করবেন না বলে জানানোর পর গতকাল শুক্রবার তাঁর ফাঁসি কার্যকরের প্রস্তুতি শুরু হয়। তবে কাল রাতে সব প্রস্তুতির পরও রায় কার্যকর করা হয়নি।
আজ ফাঁসি-সংশ্লিষ্ট যে কর্মকর্তারা কারাগারের ভেতরে ঢুকেছেন তাঁরা হলেন আইজি প্রিজন ইফতেখার উদ্দিন, এডিশনাল আইজি প্রিজন কবির হোসেন ও ডিআইজি প্রিজন গোলাম হায়দার। জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক ফরমান আলী আগে থেকেই কারাগারের ভেতরে আছেন বলে জানা গেছে।
এদিকে আজ সন্ধ্যা থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করেছেন তাঁর স্বজনেরা। আজ বিকেল চারটার সময় দেখা করতে যান তাঁরা। সোয়া এক ঘণ্টা পর তাঁরা বের হয়ে আসেন।