ফাঁসির অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি আজ শনিবার কার্যকর করা হতে পারে। প্রাণভিক্ষার জন্য তিনি কোনো আবেদন করবেন না বলে জানানোর পর গতকাল শুক্রবার তাঁর ফাঁসি কার্যকরের প্রস্তুতি শুরু হয়। তবে কাল রাতে সব প্রস্তুতির পরও রায় কার্যকর করা হয়নি।
এ বিষয়ে রাতে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ‘কামারুজ্জামানের ফাঁসি আজকে (শুক্রবার) হবে না, কালকে (শনিবার) হবে।’
সরকারি সূত্র জানায়, প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত জানতে গতকাল সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়ে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল ও তানভীর মোহাম্মদ আজিম। এক ঘণ্টার বেশি কারাগারে অবস্থানের পর বেলা ১১টা ৩৭ মিনিটে বেরিয়ে যান তাঁরা।
নাম প্রকাশে অনিচ্ছুক পদস্থ একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, দুই ম্যাজিস্ট্রেটকে কামারুজ্জামান বলেছেন, তিনি প্রাণভিক্ষা চাইবেন না। কিন্তু দণ্ড কার্যকর করার জন্য তিনি আরও কিছু সময় চান। নিয়ম অনুসারে তিনি সাত দিন সময় পাবেন বলে দাবি করেন।
এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল রাত সাড়ে আটটার দিকে শিল্পকলা একাডেমীর এক অনুষ্ঠান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ার আগে সাংবাদিকদের বলেন, কামারুজ্জামানকে আর সময় দেওয়া যাচ্ছে না। ম্যাজিস্ট্রেট গিয়েছিলেন, তাঁর (কামারুজ্জামান) সঙ্গে কথা বলেছেন। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরপর ফাঁসি কার্যকর করার খবর রটে যায়, গণমাধ্যমকর্মীরা কারাগারের সামনে ভিড় জমান। এর আগে সন্ধ্যা থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। মূল ফটকের সামনে নেওয়া হয় দুই স্তরের নিরাপত্তা।
ঢাকা জেলার প্রশাসক তোফাজ্জেল হোসেন প্রথম আলোকে মুঠোফোনে বলেন, তাঁরা দুজন (ম্যাজিস্ট্রেট) এসেছিলেন। কেন এসেছিলেন জানতে চাইলে বলেন, কামারুজ্জামানের রায় কার্যকর করার প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁরা সেখানে গিয়েছিলেন। তবে তাঁদের মধ্যে কী কথা হয়েছে, তা তিনি জানেন না।
জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, কামারুজ্জামানকে মার্সি পিটিশনের বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে। উনি সময় নিচ্ছেন। বলছেন, ‘সিদ্ধান্ত দিচ্ছি, দেব’। তবে এই যুদ্ধাপরাধীকে ‘দ্রুত’ তাঁর সিদ্ধান্ত জানাতে হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘সে যাই বলুক, আমরা বিধি অনুযায়ী ব্যবস্থা নেব।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেল থেকেই তাঁদের প্রস্তুত থাকতে বলা হয়।
ঢাকার সিভিল সার্জনকেও বিকেলে ফোন করে প্রস্তুত থাকার কথা বলা হয়। সেই অনুযায়ী সবাই প্রস্তুতি নেন। সন্ধ্যার পর কারা ফটকে নিরাপত্তা জোরদার করা হয়। কিন্তু রাত নয়টার পর তাঁদের জানানো হয়, ফাঁসি কার্যকর হবে না। কারণ হিসেবে একজন কর্মকর্তা বলেন, কারাগারের ভেতরে প্রস্তুতি থাকলেও নিরাপত্তা-সংক্রান্ত কারণেই শেষ পর্যন্ত রায় কার্যকর করা বন্ধ রাখা হয়। কারাগারের সিদ্ধান্ত রয়েছে, ফাঁসি কার্যকর করার পরে মৃতদেহ পুলিশি পাহারায় শেরপুরের গ্রামের বাড়িতে পাঠানো হবে। এরপর সেখানেই পুলিশি পাহারায় দাফন করা হবে। মৃতদেহ নিয়ে যাতে কোনো মিছিল-সমাবেশ না হয়, সে ব্যাপারে সতর্ক থাকবে পুলিশ।
এর আগে গত বুধবার সন্ধ্যায় কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ আদেশের কপি কারাগারে পৌঁছায়। কারা কর্তৃপক্ষ রায় পড়ে তাঁকে শোনায়। এরপর তাঁর কাছে জানতে চায় তিনি প্রাণভিক্ষার আবেদন করবেন কি না। কামারুজ্জামান এ ব্যাপারে আইনজীবীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত জানানোর কথা বলেন। সে অনুযায়ী গত বৃহস্পতিবার সকালে তাঁর আইনজীবীরা কারাগারে দেখা করেন। দেখা করে বের হয়ে আসার পর তাঁর আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, ক্ষমা চাওয়ার ব্যাপারে তিনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। তিনি তাঁর সিদ্ধান্তের কথা কারা কর্তৃপক্ষকে জানাবেন। কিন্তু শুক্রবার পর্যন্ত তিনি জানাননি। এরপর শুক্রবার ম্যাজিস্ট্রেট তাঁর কাছে প্রাণভিক্ষার ব্যাপারে জানতে চান।
একাত্তরে শেরপুরের সোহাগপুর গ্রামে ১৪৪ জনকে হত্যা ও নারী নির্যাতনের দায়ে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে আসামিপক্ষ। গত বছরের ৩ নভেম্বর সোহাগপুর হত্যাকাণ্ডের দায়ে সংখ্যাগরিষ্ঠ মতে কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে ৫ মার্চ তা পুনর্বিবেচনার আবেদন করেন কামারুজ্জামান। দুই দফা শুনানি পেছানোর পর গত রোববার আপিল বিভাগে ওই আবেদনের শুনানি হয়। ৮ এপ্রিল দেওয়া রায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখেন।
এর আগে যুদ্ধাপরাধী কাদের মোল্লার রিভিউ খারিজের রায়ে আপিল বিভাগ বলেছিলেন, যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ড কার্যকরের আগে আসামি সংবিধান অনুযায়ী প্রাণভিক্ষার সুযোগ পাবেন। তবে এ মামলায় প্রাণভিক্ষার জন্য কারাবিধিতে বেঁধে দেওয়া ৭ থেকে ২১ দিনের সময়সীমা প্রযোজ্য হবে না। আসামি প্রাণভিক্ষা চাইলে তা নিষ্পত্তির আগে দণ্ড কার্যকর করা যাবে না। কিন্তু আসামি প্রাণভিক্ষার জন্য কত সময় পাবেন এবং কত দিনের মধ্যে নিষ্পত্তি হবে, সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে সুনির্দিষ্ট কোনো সময় নেই। এর আগে কাদের মোল্লার ক্ষেত্রে একই প্রক্রিয়া অনুসরণ করা হলেও তিনি প্রাণভিক্ষার সুযোগ নেননি।