বিএনপির নেতা নুরুল ইসলাম হত্যা মামলায় ফাঁসির আদেশপ্রাপ্ত আসামি এ এইচ এম বিপ্লবকে ক্ষমা করে দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্যরা। গতকাল শনিবার এক বিবৃতির মাধ্যমে তাঁরা এ প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ ক্ষমার সিদ্ধান্ত প্রত্যাহারেরও দাবি জানান।বিবৃতিতে শিক্ষকেরা বলেন, লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আইনজীবী নুরুল ইসলাম হত্যা মামলার ফাঁসির দণ্ডাদেশ পাওয়া আসামি ও আওয়ামী লীগের বিতর্কিত নেতা আবু তাহেরের ছেলে এ এইচ এম বিপ্লবকে রাষ্ট্রপতি তাঁর প্রদত্ত ক্ষমতাবলে ক্ষমা করে দিয়েছেন। এর মাধ্যমে তিনি রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসীদের প্রশ্রয়ের দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিবৃতিতে অভিযোগ করা হয়, রাষ্ট্রপতি বিশেষ দল বা গোষ্ঠীর অনুগত নন।্রকিন্তু বর্তমান রাষ্ট্রপতি দলীয় বিবেচনায় একের পর এক খুনের আসামিকে ক্ষমা করে দিচ্ছেন। এর আগে নাটোরে গামা হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামিদেরও ক্ষমা করা হয়। এর মধ্য দিয়ে প্রমাণিত হয়, রাষ্ট্রপতি খুনিদের প্রশ্রয় দিচ্ছেন। বিবৃতিতে অবিলম্বে রাষ্ট্রপতির এ ক্ষমার আদেশ পুনর্বিবেচনা এবং সরকারের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হতে সচেতন মহলকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানানো হয়। বিবৃতি দেওয়া শিক্ষকেরা হলেন: সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক মো. শামছুল আলম সেলিম, মোহাম্মদ মাফরুহী সাত্তার টিটু প্রমুখ।