ফাঁসির আসামির কক্ষে মুজাহিদ
মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে কারাগারের কনডেম সেলে (ফাঁসির আসামির জন্য নির্দিষ্ট কক্ষ) পাঠানো হয়েছে। তাঁকে ফাঁসির আসামির জন্য নির্ধারিত পোশাকও পরানো হয়েছে।ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে এসব তথ্য জানায়। মুজাহিদ এ কারাগারে আটক রয়েছেন।এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কারাকক্ষে আটক জামায়াতের সাবেক আমির গোলাম আযমকেও কয়েদির পোশাক পরানো হয়েছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ডাদেশ এবং বুধবার ট্রাইব্যুনাল-২ মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশ দেন।ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক ফরমান আলী প্রথম আলোকে বলেন, ফাঁসির আসামি হিসেবে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ কারাগারে তৃতীয় শ্রেণীর মর্যাদাপ্রাপ্ত। কারাগারের নিয়ম অনুযায়ী তৃতীয় শ্রেণীর মর্যাদাপ্রাপ্ত কয়েদির জন্য যে খাবার নির্ধারিত আছে, তা-ই তাঁর জন্য সরবরাহ করা হচ্ছে। তিনি বলেন, ফাঁসির আসামিদের জন্য নির্দিষ্ট পোশাক মুজাহিদকে পরানো হয়েছে। ফাঁসির আসামিদের জন্য নির্ধারিত সেলে তাঁকে রাখা হয়েছে।