ফাঁসির দণ্ডপ্রাপ্ত দেলোয়ারের সঙ্গে দেখা করলেন স্বজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জঙ্গি দেলোয়ার হোসেন ওরফে রিপনের সঙ্গে কারাগারে তাঁর পরিবারের সদস্যরা দেখা করেছেন। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন নাকচ হওয়ার বিষয়টি দেলোয়ারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগারে দেলোয়ার হোসেন ওরফে রিপনের সঙ্গে তাঁর পরিবারের নারী, শিশু, পুরুষসহ প্রায় ১২ জন দেখা করেন।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ছগির মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে দেলোয়ার হোসেনের সঙ্গে তাঁর পরিবারের সদস্যরা দেখা করেছেন। তাঁরা প্রায় ২৫ মিনিট কথা বলেন। এ সময় রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন নাকচ হওয়ার বিষয়টি দেলোয়ারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।

কারা সূত্রে জানা গেছে, ফাঁসির দণ্ডপ্রাপ্ত জঙ্গি দেলোয়ারকে সিলেট কেন্দ্রীয় কারাগারের কনডেমড সেলে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হওয়ার পর থেকে তাঁকে খুব চিন্তিত দেখা যাচ্ছে। তবে তিনি নিয়মিত খাওয়াদাওয়া করছেন, কোনো অস্বাভাবিক আচরণ দেখা যায়নি। ফাঁসির আদেশ হাতে পাওয়ামাত্রই তা কার্যকর করতে ফাঁসির মঞ্চ ও কারাগারের ৮ থেকে ১০ জন জল্লাদ প্রস্তুত রাখা হয়েছে।

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে ২০০৪ সালের ২১ মে ঢাকায় নিযুক্ত তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। হামলায় আনোয়ার চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত এবং পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত হন। ওই মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত মুফতি হান্নান, শরীফ শাহেদুল বিপুল ও দেলোয়ার হোসেন রিপনকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। গত ১৯ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মুফতি হান্নানের রিভিউ আবেদন খারিজ হয়ে গেলে গত ২২ মার্চ তাঁকে কারাগারে মৃত্যুদণ্ড বহাল রাখার রায় পড়ে শোনানো হয়। পরে তিনি আইনজীবীর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করলে তা খারিজ হয়ে যায়।

আরও পড়ুন...
মুফতি হান্নানের প্রাণভিক্ষার আবেদন খারিজ
http://www.prothom-alo.com/bangladesh/article/1139131/