রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়ন পরিষদের (ইউপি) আট নম্বর ওয়ার্ডের সদস্য বিমলেন্দু চাকমা হত্যা মামলার আসামি জ্যোর্তিময় চাকমাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ তাঁকে সাত দিনের রিমান্ডে নিয়েছে।
বরকল থানার দ্বিতীয় কর্মকর্তা ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, গত মঙ্গলবার রাঙামাটি সদর উপজেলার মানিকছড়ি এলাকা থেকে জ্যোর্তিময় চাকমাকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁকে রাঙামাটি জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাহামিনা আফরোজ চৌধুরীর আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। পরে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে জ্যোর্তিময় চাকমার ফাঁসির দাবিতে গতকাল দুই শতাধিক আদিবাসী বরকল উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিমলেন্দু চাকমার স্ত্রী কালাসোনা চাকমা, ছোট ভাই অমলেন্দু চাকমা।
পরিবারের অভিযোগ, ২৯ আগস্ট রাত নয়টার দিকে জ্যোর্তিময় চাকমার নেতৃত্বে একদল সশস্ত্র দুর্বৃত্ত বিমলেন্দু চাকমাকে তাঁর রূপবান গ্রামের বাড়ি থেকে অপহরণ করে। পরে তাঁকে হত্যার খবর পাওয়া যায়।