ফাঁসির দাবিতে স্তব্ধ গোটা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লাসহ মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে গতকাল মঙ্গলবার তিন মিনিটের জন্য স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। রাজধানীর শাহবাগের আন্দোলনকারীদের ডাকে তাঁদের দাবির প্রতি সংহতি জানিয়ে বিকেল চারটা থেকে চারটা তিন মিনিট পর্যন্ত যে যেখানে ছিলেন, সেখানেই দাঁড়িয়ে নীরবতা পালন করেন। চালকেরা যানবাহন থামিয়ে, মুচি তাঁর জুতা সেলাই বন্ধ রেখে দাঁড়িয়ে যান। সর্বস্তরের মানুষ এ দাবির প্রতি একাত্মতা জানিয়ে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচি পালন করেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:খুলনা: খুলনার শিববাড়ী মোড়ে সমবেত লোকজন হঠাৎ স্লোগান বন্ধ করে ক্ষণগণনা শুরু করেন। চারটা বাজার সঙ্গে সঙ্গে তাঁরা দাঁড়িয়ে নীরবতা পালন করেন। তিন মিনিট পর মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে স্লোগানে স্লোগানে তাঁরা মুখর হয়ে ওঠেন। যানবাহন চলাচল আবার শুরু হয়। খুলনার বিভিন্ন এলাকায় মানুষকে ওই তিন মিনিট দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।গোপালগঞ্জ: গোপালগঞ্জের বঙ্গবন্ধু সড়কে প্রজন্ম মঞ্চ ঘিরে সহস্রাধিক মানুষ সড়কের ওপর দাঁড়িয়ে যান। ব্যবসায়ীরা দোকানপাট ছেড়ে রাস্তায় নেমে আসেন। চালকেরা যানবাহন থামিয়ে রাখেন। অনেক বাড়ি থেকে নারী-শিশুরাও রাস্তায় এসে দাবির প্রতি সমর্থন জানান।বাগেরহাট: বিকেল চারটা থেকে তিন মিনিটের জন্য শহরের বিভিন্ন মোড়ে যানবাহন থেমে যায়। দোকানপাটে বেচাকেনা বন্ধ ছিল।পটুয়াখালী: বিকেল তিনটা থেকেই মানুষ শহীদ আলাউদ্দিন শিশুপার্কের স্বাধীনতা নাগরিক জোটের মঞ্চের কাছে জড়ো হতে থাকেন। চারটা বাজার আগেই তাঁরা সারিবদ্ধভাবে সড়কে দাঁড়িয়ে পড়েন। চারটা বাজার সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে যায় এলাকা। তিন মিনিট দাঁড়িয়ে থাকার পর মানবতাবিরোধীদের ফাঁসির দাবিতে স্লোগান দিয়ে কর্মসূচি শেষ হয়।বগুড়া: চারটার আগেই বগুড়ার সাতমাথার বীরশ্রেষ্ঠ স্কয়ার ও আশপাশের এলাকায় হাজারো মানুষ জাতীয় পতাকা হাতে রাস্তায় নেমে আসেন। তিন মিনিটের কর্মসূচি শেষে শহরে মিছিল বের হয়। মিছিলটি পরে সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ারের গণজাগরণ মঞ্চের কাছে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে জামায়াত-শিবির ও তাদের সব প্রতিষ্ঠানকে বর্জনের আহ্বান জানানো হয়।পাবনা: চারটার আগে থেকেই শহরের আবদুল হামিদ সড়কে এসে মানুষ দাঁড়াতে থাকেন। চারটা বাজতেই চালকেরা সব যানবাহন থামিয়ে দেন। লোকজন নীরবতা পালন শুরু করেন।জয়পুরহাট: শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরের সামনের রাস্তায় জাগ্রত জনতার ব্যানারে ছাত্র, তরুণ-যুবকসহ বিভিন্ন বয়সী নানা শ্রেণী-পেশার মানুষ দাঁড়িয়ে দাবির প্রতি সংহতি জানান।পঞ্চগড়: কেন্দ্রীয় শহীদ মিনারে প্রজন্ম ’৭১-এর আয়োজনে চলমান অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তিন মিনিট নীরবতা পালন করেন। দেবীগঞ্জের বিজয় চত্বরে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তিন মিনিট নীরবতা পালন করেন।সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের বিভিন্ন স্থানে হাজারো মানুষ রাস্তায় এসে দাঁড়িয়ে পড়েন।সিলেট: কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশসহ নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সাধারণ মানুষ ওই কর্মসূচি পালন করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধারাও ওই কর্মসূচি পালন করেন।সুনামগঞ্জ: শহীদ মিনারে এসে জমায়েত হন বিভিন্ন শ্রেণী ও পেশার হাজারো মানুষ। সবাই সংহতি জানান শাহবাগের কর্মসূচির সঙ্গে। শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায়ও সংহতি জানাতে অনেক মানুষ জড়ো হন।নরসিংদী: জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ সংহতি পালন করা হয়। এ সময় রিকশা, অটোরিকশা, ট্রাকচালকসহ পথচারীরা এ কর্মসূচিকে সমর্থন জানিয়ে নীরবতা পালন করেন। মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা আইনজীবী সমিতিও এ কর্মসূচি পালন করে। চাঁদপুর: শপথ চত্বর থেকে মুক্তিযোদ্ধা সড়কে এক কিলোমিটার রাস্তাজুড়ে নারী-পুরুষ-শিশু এ কর্মসূচিতে অংশ নেয়। বিভিন্ন সরকারি-বেসরকারি-স্বায়ত্তশাসিত অফিস, আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হয়। শেরপুর: রঘুনাথ বাজারের বঙ্গবন্ধু স্কয়ারে জাগ্রত তরুণ প্রজন্মের উদ্যোগে কয়েক শ শিক্ষার্থীসহ সহস্রাধিক লোক এ কর্মসূচি পালন করেন। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন। কিশোরগঞ্জ: সব বয়সের, সব শ্রেণী-পেশার মানুষ তিন মিনিট দাঁড়িয়ে থেকে শাহবাগের কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন।নেত্রকোনা: স্বাধীনতা ও মুক্তিকামী মানুষ ওই কর্মসূচি পালন করেন। এ সময় সব শ্রেণীর মানুষসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা রাস্তায় নেমে আসেন। জামালপুর: কয়েক হাজার মানুষ দয়াময়ী মোড়ের রাস্তায় দাঁড়িয়ে ওই কর্মসূচি পালন করেন। এ ছাড়া জেলার সর্বস্তরের মানুষ ওই কর্মসূচি পালন করতে রাস্তায় নেমে আসেন। শাহজালাল বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন ইয়াসমিন হক, তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশল বিভাগের প্রধান মুহমঞ্চদ জাফর ইকবালসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ও কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ইলিয়াস উদ্দিন বিশ্বাসসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা ওই কর্মসূচিতে অংশ নেন। মুন্সিগঞ্জ: জেলা শহরের শিল্পকলা একাডেমীসংলগ্ন চৌরাস্তায় সর্বস্তরের মানুষ বিকেল চারটা থেকে তিন মিনিটের নীরবতা পালন করেন। এ সময় অচল হয়ে পড়ে গোটা শহর। কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, শিশু, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক কর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যাংকারসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের লোকজন অংশ নেন। নবাবগঞ্জ (ঢাকা): জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তিন মিনিটের নীরবতা কর্মসূচি পালন করেন। দোহার উপজেলার রতন স্বাধীনতা চত্বর, উপজেলা চত্বর এবং নবাবগঞ্জের সদর শহীদ মিনার চত্বরসহ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানিকগঞ্জ: জেলা প্রেসক্লাবের সামনে তরুণদের সঙ্গে আন্দোলনে সংহতি প্রকাশ করেন বিভিন্ন পেশার মানুষ। এ সময় শহীদ রফিক সড়কে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। একপর্যায়ে ইসলামী ব্যাংকের বুথে ভাঙচুর চালানো হয়। একই দাবিতে শহরের খালপাড় এলাকায় সমিঞ্চলিত তরুণ প্রজন্মের ব্যানারে বিকেল পাঁচটা থেকে অবস্থান কর্মসূচি এবং জাগরণের গান পরিবেশন করা হয়। কেন্দ্রীয় স্মৃতিসৌধের পাদদেশে জেলা শিল্পকলা একাডেমী, সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (সাবিস), সাহিত্য সংসদ ও বর্ণন আবৃত্তি চক্রসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে জাগরণের গান পরিবেশন করা হয়। টঙ্গী (গাজীপুর): যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বেলা ১১টায় কলেজগেট এলাকায় প্রতিবাদ মিছিল করেছেন গাজীপুরের টঙ্গী সরকারি কলেজের শিক্ষার্থীরা। মিছিলটি কলেজ চত্বর থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে চেরাগআলী ও কলেজগেট এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা টঙ্গীর স্টেশন রোডে নির্মিত মানবতাবিরোধী মুক্তমঞ্চে একাত্মতা জানান। অপর দিকে টঙ্গীতে মানবতাবিরোধী মুক্তমঞ্চে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে।