ফাঁসির পর সহিংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পরপরই গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, সিরাজগঞ্জ, ফেনী, সাতক্ষীরা ও দিনাজপুরে সংঘর্ষ ও সহিংসতার খবর পাওয়া গেছে। সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোপীনাথপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুর রহমানকে (৪০) পিটিয়ে হত্যা করা হয়েছে।

নাশকতার আশঙ্কায় ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্থগিত করেছে কর্তৃপক্ষ।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১২টার পর একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে হত্যা করে আজিজুরকে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে কলারোয়া উপজেলার ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, জামায়াত-শিবিরের কর্মীরা আজিজুর রহমানকে পিটিয়ে হত্যা করেছেন।

কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পর সাতক্ষীরা সদরের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি এলাকায় ১২টি বাড়িতে অগ্নিসংযোগ, একই এলাকার ঝাওডাঙ্গা বাজারে দুটি দোকানে আগুন দেন তাঁরা। এ ছাড়া আশাশুনি উপজেলার বোদাহাটা বাজারে তিনটি দোকান ও বোদাহাটা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়।

ফেনীতে অন্তত ১০টি গাড়িতে অগ্নিসংযোগ করেছেন জামায়াত-শিবিরের কর্মীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ও রামপুর রাস্তার মাথা নামক স্থানে রাত সাড়ে ১০টার দিকে সাতটি ট্রাক ও কাভার্ড ভ্যান এবং তিনটি প্রাইভেট কারে অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় মহিপাল হাইওয়ে থানার সামনে একটি ও মহাসড়কের অন্যান্য স্থানে ১৪-১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। সিরাজগঞ্জে পুলিশ ও থানা লক্ষ্য করে ককটেল ছোড়া হয়েছে। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা নাটোর-ঢাকা মহাসড়ক দিয়ে পরিবহন যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন।

 সিরাজগঞ্জে সদর থানার পেছনে রাতে একটি ককটেলের বিস্ফোরণ ঘটানোর পর বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় স্থানীয় থানার পুলিশের একটি পিকআপ লক্ষ্য করে পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়। মহাসড়কে ১০টির মতো গাড়ি ভাঙচুর করা হয়।

নাটোর সদরের হয়বতপুর এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা নাটোর-ঢাকা মহাসড়ক কেটে বিচ্ছিন্ন করে ফেলেন। এতে নাটোরের সঙ্গে ঢাকা, পাবনাসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বাগেরহাটের ফকিরহাটে রাত পৌনে ১২টার দিকে চিংড়ি মাছভর্তি একটি কাভার্ড ভ্যানে আগুন দেন জামায়াত-শিবিরের কর্মীরা। কর্মীরা খুলনা-মংলা মহাসড়কের খাজুরা, বাগেরহাট-মাওয়া মহাসড়কের শ্যামবাগাত ও কানারপুকুর এলাকায় রাস্তায় গাছ ফেলে সড়ক অবরোধ করেন।

সিলেট শহরে জালালাবাদ থানার সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ হলে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এ ছাড়া, রাজশাহীর বিনোদপুরে শিবির-পুলিশের সংঘর্ষ হয়েছে। দিনাজপুর-৬ আসনের সাংসদ আজিজুল হকের বাসায় হামলা ও একটি পেট্রলপাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফেনীতে বিদ্যুৎ বিতরণ অফিসে এবং মহিপালে ১৫টি গাড়িতে আগুন এবং ফাজিলপুর স্টেশনে হামলা করেছে শিবির। চট্টগ্রামের লোহাগাড়া, বাঁশখালী ও সাতকানিয়ায় সড়ক অবরোধ করা হয়েছে।

সারা দেশে ট্রেন চলাচল স্থগিত: ঢাকা রেলওয়ের প্রধান রেল নিয়ন্ত্রক মো. জহিরুল হক রাত ১১টার দিকে জানান, ফাঁসি কার্যকরের পর নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা অঞ্চলে রেল যোগাযোগ স্থগিত করা হয়েছে। চলাচলকারী ট্রেনগুলো যে স্টেশনে আছে, সেগুলো সেখানেই রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে রেল চলাচলও স্বাভাবিক হবে।