ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি আজ

বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন শুনানির ধার্য দিন আজ সোমবার। আবেদন দুটি শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আজকের কার্যতালিকায় রাখা হয়েছে।
দুই বিদেশি নাগরিক হত্যা, হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে গ্রেনেড হামলা এবং সর্বশেষ গত শনিবার প্রকাশক-লেখক-ব্লগারদের ওপর হামলার ঘটনায় দেশে তৈরি হওয়া উদ্বেগজনক পরিস্থিতিতে আজ এ দুটি আবেদনের শুনানি হওয়ার কথা।
আপিল বিভাগের সোমবারের কার্যতালিকা অনুসারে, জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদের পুনর্বিবেচনার আবেদনটি শুনানির জন্য ১৬ নম্বরে রয়েছে। পুনর্বিবেচনার আবেদনের পাশাপাশি জামায়াত নেতাদের দুই আইনজীবীকে হয়রানি না করার নির্দেশনা চেয়ে করা একটি আবেদন ও মামলার কার্যক্রম মুলতবি চেয়ে আরেকটি আবেদন আজ শুনানির জন্য রয়েছে।
জামায়াত নেতাদের দুই আইনজীবীকে হয়রানির অভিযোগ এনে গত ২৫ অক্টোবর আপিল বিভাগে একটি আবেদন করা হয়। এতে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া ২২ অক্টোবর মুজাহিদের আইনজীবী শিশির মনিরের বাসায় তল্লাশি চালায় পুলিশ। বাসায় শিশিরকে না পেয়ে তাঁর গাড়িচালককে ধরে নিয়ে যাওয়া হয়। আর জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর এক আইনজীবী আসাদ উদ্দিন এখন গ্রেপ্তারের পর পুলিশের রিমান্ডে আছেন।
আপিল বিভাগের কার্যতালিকায় আরও দেখা যায়, সাকা চৌধুরীর পুনর্বিবেচনার আবেদনটি আজকের কার্যতালিকার ১৭ নম্বরে রয়েছে। এর সঙ্গে রয়েছে সাক্ষীদের প্রতি সমন জারির নির্দেশনা চেয়ে করা একটি আবেদন। এর মধ্যে ১৯ অক্টোবর সাকা চৌধুরীর আইনজীবী পাঁচ পাকিস্তানিসহ আটজন সাফাই সাক্ষীর প্রতি সমন দেওয়ার আর্জি জানিয়ে আপিল বিভাগে এ আবেদন করেন। আবেদনে বলা হয়, সাকা চৌধুরী যে ১৯৭১ সালের ২৯ মার্চ থেকে ১৯৭৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে ছিলেন না, এ বিষয়ে আটজন সাক্ষ্য দিতে চান। আদালতের সমন পেলে তাঁরা এসে সাক্ষ্য দেবেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে এই আবেদন দুটির শুনানি হবে। এই বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গতকাল রোববার বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই কার্যতালিকা প্রকাশ করা হয়।
গত ৩০ সেপ্টেম্বর সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসির সাজা বহাল রেখে আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ১৪ দিনের মাথায় ওই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেন সাকা চৌধুরী ও মুজাহিদ। ২০ অক্টোবর সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার আদালত পুনর্বিবেচনার আবেদন দুটি শুনানির জন্য ২ নভেম্বর দিন নির্ধারণ করেন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গত বৃহস্পতিবার আশা প্রকাশ করে বলেন, খুব শিগগির পুনর্বিবেচনার আবেদন দুটি নিষ্পত্তি হতে পারে। তবে সবই আদালতের ওপর নির্ভর করছে। সাকা চৌধুরী ও মুজাহিদের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন গতকাল রোববার এ নিয়ে কোনো বক্তব্য দিতে চাননি।
‘নয়া চক্রান্ত’: এদিকে দেশি-বিদেশি সাক্ষীদের তালিকাভুক্তি করে এবং তাঁদের সমন চেয়ে সাকা চৌধুরীর আবেদনকে ‘নয়া চক্রান্ত’ বলে উল্লেখ করেছে ঐক্য ন্যাপ। গতকাল মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক সভায় ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, বিচারের চূড়ান্ত পর্যায়ে এ ধরনের আবেদন অস্বাভাবিক এবং এটি যৌক্তিক কোনো পদক্ষেপ হতে পারে না। এ ঘটনা সাকা চৌধুরীর দণ্ডাদেশ কার্যকর করার ক্ষেত্রে বাধাবিঘ্ন সৃষ্টির অপচেষ্টা এবং বিচার বিভাগের বিরুদ্ধে ষড়যন্ত্র।
পঙ্কজ ভট্টাচার্য আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পর থেকে একের পর এক বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। বিচার বিঘ্নিত এবং বিচারব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ ও বিলম্বিত করা হচ্ছে, ট্রাইব্যুনালের সঙ্গে জড়িত ব্যক্তিদের হুমকি দিয়ে বিচার বন্ধের অপচেষ্টা চালানো হচ্ছে। এগুলো জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের নীলনকশার অংশ। একই সঙ্গে বিদেশি লবিস্ট নিয়োগ করে দেশের বিচারব্যবস্থা, গণতন্ত্র, স্থিতিশীলতা নষ্টের কূটকৌশল চালানো হয়েছে ও হচ্ছে।