ফাঁসির রায়ে মুক্তিযুদ্ধের ক্ষত মুছল: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় বহাল থাকায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ‘ক্ষত মুছল’ বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষের বাইরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মেনন বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদ মহান মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে অনেক ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেছেন। এই রায় তাঁদের ওই সব ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের জবাব।
দুই বিদেশি নাগরিককে হত্যা এবং দিনাজপুরে ইতালীয় এক ধর্মযাজককে গুলি করে আহত করার ঘটনায় দেশ অস্থিতিশীল কি না—সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে মেনন বলেন, ‘দেশে অস্থিতিশীল পরিস্থিতি নেই। দুফোঁটা পানি পড়লেই বৃষ্টি পড়ে না।’
মন্ত্রী এর আগে দুপুর পৌনে ১২টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে পর্যটন বর্ষ ২০১৬ নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ রায় চৌধুরী, ময়মনসিংহের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ প্রমুখ।
বিকেলে ময়মনসিংহ শহরের কালীবাড়ি এলাকার একটি কমিউনিটি সেন্টারে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেনন।