ফাঁসির রায় বহাল, কার্যকরের অপেক্ষা

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে কামারুজ্জামানের করা আবেদন গতকাল সোমবার আপিল বিভাগ খারিজ করে দেন।
আপিল বিভাগের এ রায় ঘোষণার মধ্য দিয়ে কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা বিচারের সবশেষ ধাপ পার হয়েছে। এখন শুধু তাঁর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ আছে। তবে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ওই রায় বা আদেশের স্বাক্ষরিত অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়নি। তবে কারা কর্তৃপক্ষ ডেকে পাঠানোর পর কারাগারে কামারুজ্জামানের সঙ্গে দেখা করেছেন তাঁর পরিবারের সদস্যরা।
মানবতাবিরোধী অপরাধের দায়ে প্রথম ফাঁসি কার্যকর হয়েছিল জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার। ২০১৩ সালের ১২ ডিসেম্বর রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হয় কাদের মোল্লার। ওই দিন রাত ১০টা ১ মিনিটে তাঁর ফাঁসি কার্যকর হয়।
কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে এবং তাঁর মুক্তির দাবিতে আজ মঙ্গলবার ও কাল বুধবার সারা দেশে দুই দিনের হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
একাত্তরে শেরপুরের সোহাগপুর গ্রামে ১৪৪ জনকে হত্যা ও নারী নির্যাতনের দায়ে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে আসামিপক্ষ। গত বছরের ৩ নভেম্বর সোহাগপুর হত্যাকাণ্ডের দায়ে সংখ্যাগরিষ্ঠ মতে কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে ৫ মার্চ তা পুনর্বিবেচনার আবেদন করেন কামারুজ্জামান। এরপর দুই দফা শুনানি পেছানোর পর গত রোববার আপিল বিভাগে ওই আবেদনের শুনানি হয়। পরে রায় ঘোষণার জন্য সোমবার দিন ধার্য করেছিলেন সর্বোচ্চ আদালত।
‘ডিসমিসড’: সকাল নয়টার দিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আসন নেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। কার্যতালিকার প্রথমে থাকা পুনর্বিবেচনার আবেদনের রায় ঘোষণা করে প্রধান বিচারপতি বলেন, ‘ডিসমিসড’ (খারিজ)।
রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, এই রায়ের মধ্য দিয়ে কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের সমাপ্তি ঘটল। এখন রায় কার্যকরের বিষয়টি পুরোপুরি সরকারের হাতে, কারাবিধি এখানে প্রযোজ্য হবে না। কামারুজ্জামানের হাতে এখন শুধু রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ আছে। এ ছাড়া সাজা কার্যকরের আগে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। এ দুটি বিষয় সম্পন্ন হলেই কামারুজ্জামানের সাজা কার্যকরে আর কোনো বাধা থাকবে না।
রায় কার্যকর করার জন্য আপিল বিভাগের রায়ের অনুলিপি কারাগারে পৌঁছাতে হবে উল্লেখ করে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আরও বলেন, আপিল বিভাগের এ রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বা সরাসরি কারা কর্তৃপক্ষের কাছে যেতে পারে।
প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ প্রসঙ্গে মাহবুবে আলম বলেন, কারা কর্তৃপক্ষ তাঁর (কামারুজ্জামান) কাছে জানতে চাইবে প্রাণভিক্ষার আবেদন করবেন কি না। যদি না চান, তবে সাজা কার্যকর করা যাবে। আবেদন করলে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজা কার্যকর করা যাবে না। তবে এ বিষয়ে সময়সীমা নির্দিষ্ট নেই।
রায় ঘোষণার পর আসামিপক্ষের আইনজীবী শিশির মনির সাংবাদিকদের জানান, তাঁরা কামারুজ্জামানের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন। তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না, তা তাঁর সঙ্গে কথা বলার পর জানাতে পারবেন। তবে বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, কামারুজ্জামানের সঙ্গে দেখা করার জন্য আইনজীবীদের আবেদন কারা কর্তৃপক্ষ খারিজ করে দিয়েছেন। এ জন্য তিনি প্রাণভিক্ষা চাইবেন কি না, এ বিষয়ে কিছু বলতে পারছেন না। তবে রায়ের অনুলিপি কারাগারে পৌঁছানোর আগেই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার জন্য আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ। অথচ অনুলিপি পৌঁছানোর আগে রায় কার্যকরের সুযোগ নেই।
শিশির মনির আরও বলেন, আপিল বিভাগের বিচারপতিরা এখনো রায়ের অনুলিপিতে স্বাক্ষর করেননি বলে তিনি জানতে পেরেছেন।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের রেজিস্ট্রার অফিস বা সেকশন এখনো আপিল বিভাগের রায়ের স্বাক্ষরিত কপি পায়নি।’
দেখা করেছে পরিবার: গতকাল সকাল থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ছিল গণমাধ্যমকর্মীদের ভিড়। ছিল পুলিশের বাড়তি নিরাপত্তা। কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয় জেল পুলিশ। ছিল র্যাবের টহলও। বিকেলের দিকে কারাগারের সামনে জড়ো হন উৎসুক জনতা।
দুপুরের দিকে খবর পাওয়া গেল, পরিবারের লোকজন কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে কেন্দ্রীয় কারাগারে যাবেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে কামারুজ্জামানের পরিবারের কাছে দণ্ড কার্যকরের আগে সাক্ষাতের সুযোগের বিষয়টি জানায়। পরিবার বিকেল পাঁচটায় সাক্ষাতের সময় ঠিক করে। সাক্ষাতের বিষয়টি নিশ্চিত হওয়ার পর কারাগারের সামনে বাড়তে থাকে গণমাধ্যমকর্মীদের ভিড়। সরাসরি সম্প্রচারের যন্ত্রপাতি নিয়ে আসা হয় কারাগারের সামনে।
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি মাইক্রোবাসে চড়ে কারাগারের সামনে যায় কামারুজ্জামানের পরিবার। গাড়ির ওপর হুমড়ি খেয়ে পড়েন গণমাধ্যমের ভিডিও চিত্রগ্রাহক ও ফটো সাংবাদিকেরা। পরে পুলিশ ও জেল পুলিশের সদস্যরা ভিড় ঠেলে গাড়ি থেকে একে একে পরিবারের সবাইকে নামিয়ে আনেন। পরিবারের যাঁরা সাক্ষাৎ করবেন, জেলগেটে তাঁদের নাম জমা দেওয়া হয়। সন্ধ্যা পৌনে সাতটার দিকে কামারুজ্জামানের স্ত্রী নূরুন্নাহার, ছেলে হাসান ইকবাল, হাসান ইমাম ও আহমেদ হাসান, মেয়ে আতিয়া নূর, কামারুজ্জামানের ভাই কামরুল ইসলামসহ ১৬ জন কারাগারের ভেতরে ঢোকেন। ১৬ জনের মধ্যে তিনজন শিশুও ছিল। তাঁরা কামারুজ্জামানের সঙ্গে প্রায় এক ঘণ্টা কথা বলেন। রাত পৌনে আটটার দিকে তাঁরা কারাগার থেকে বেরিয়ে আসেন। ওই সময় বাইরে আসেন কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ফরমান আলী। তিনি সাংবাদিকদের জানান, ‘আমরা এখনো পর্যন্ত মহামান্য আদালতের রায়ের কপি পাইনি। তাই আজ কোনো কার্যক্রম চালানো যাবে না। রায়ের পর পরিবারের সদস্যরা দেখা করার সুযোগ পান। তাই কামারুজ্জামানের সঙ্গে তাঁর পরিবার দেখা করেছে।’
রাষ্ট্রপতির কাছে কামারুজ্জামানের ক্ষমা প্রার্থনার বিষয়ে জানতে চাইলে ফরমান আলী বলেন, ‘রায়ের কপি না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে তাঁকে কোনো কিছুই জিজ্ঞেস করতে পারি না।’
কামারুজ্জামানের সঙ্গে দেখা করে বের হওয়ার পর তাঁর ছেলে হাসান ইকবালসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য হাত দিয়ে ‘ভি’ চিহ্ন দেখান। এ সময় হাসান ইকবাল সাংবাদিকদের বলেন, যে রায় দেওয়া হয়েছে, তা ঐতিহাসিকভাবে ভিত্তিহীন, মিথ্যা। তাঁর (কামারুজ্জামান) ওপর জুলুম করা হয়েছে। আমার আব্বা কোনো অপরাধ করেননি। এ রায়ে আমরা বিচলিত নই। আমরা হাসিমুখেই তাঁকে বিদায় জানিয়েছি। যাঁরা এই রায় লিখেছেন, তাঁদের সবার বিচারের ভার আমি আল্লাহর ওপর ছেড়ে দিলাম।’
হাসান ইকবাল আরও বলেন, ‘আব্বা মানসিকভাবে শক্ত আছেন। সুস্থ আছেন।’ রাষ্ট্রপতির কাছে ক্ষমার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কারাগারে এখনো পর্যন্ত রায়ের কপি পৌঁছায়নি। রায়ের কপি পৌঁছালে আইনজীবীদের সঙ্গে কথা বলে আব্বা সিদ্ধান্ত নেবেন।’
জামায়াতের হরতাল: কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে এবং তাঁর মুক্তির দাবিতে আজ ও কাল সারা দেশে দুই দিনের হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। গতকাল দলের পক্ষ থেকে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদের পাঠানো এক বিবৃতিতে এই হরতাল আহ্বান করা হয়। তবে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল ও ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।