ফাঁসির রায়ে দেশজুড়ে আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় দিয়েছেন। রায়ের খবর শোনার পর পরই সারা দেশে আনন্দোৎসব শুরু হয়। নানা শ্রেণী-পেশার মানুষ উল্লাস প্রকাশ করে মিষ্টি বিতরণ করেন। বহু স্থানে আনন্দ মিছিল ও শোভাযাত্রা বের করা হয়। এ সময় বিভিন্ন স্থানে আয়োজিত সমাবেশে বক্তারা একাত্তরের যুদ্ধাপরাধীদের ফাঁসির মাধ্যমে দেশ কলঙ্কমুক্ত হবে এমন প্রত্যয় ব্যক্ত করেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:পঞ্চগড়: ফাঁসির রায় শোনার পর পরই প্রজন্ম একাত্তরের পক্ষ থেকে পঞ্চগড়ে আনন্দ মিছিল বের করা হয়। রায়ের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শহীদ মিনারে সর্বস্তরের জনতা আনন্দে ভাসতে থাকে। এ সময় মিষ্টি বিতরণ করা হয়। পরে শহীদ মিনার চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের ফাঁসির মাধ্যমে দেশ কলঙ্কমুক্ত হবে।ঈশ্বরদী (পাবনা): দুপুরে আনন্দ মিছল বের করা হয়। ‘জাগো ঈশ্বরদীবাসী জাগো’-এর ব্যানারে আয়োজিত আনন্দ মিছিল বাজারের মাহবুব আহমেদ খান স্মৃতি মঞ্চ থেকে বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। এ সময় মিছিলকারীরা সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। আওয়ামী লীগের উদ্যোগে পৃথক একটি আনন্দ মিছিল বের হয়।বরিশাল: বেলা পৌনে দুইটার দিকে জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ আনন্দ মিছিল নিয়ে রাস্তায় নামে। মিছিল শেষে চলে মিষ্টি বিতরণ। রায় ঘোষণার পর পর নগরের বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে সমবেত হয় একাত্তরের মঞ্চের সামনে। এখান থেকে প্রথম মিছিল বের করে একাত্তরের মঞ্চ। সোহেল চত্বর থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়। একই সময় কবি জীবনানন্দ সড়ক থেকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিছিল বের করে। এ ছাড়া একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডারস ফোরাম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠান আনন্দ মিছিল বের করে।নীলফামারী: সকাল থেকে নীলফামারী গণজাগরণ মঞ্চের সামনে অবস্থান নেয় মুক্তিযুদ্ধের সপক্ষের নানা শ্রেণী-পেশার মানুষ। রায় ঘোষণার খবরে সেখানে উল্লাস প্রকাশ করে মিষ্টি বিতরণ করা হয়। এরপর নীলফামারীর পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।বাগেরহাট: জেলা আওয়ামী লীগ শহরে জাতীয় পতাকা নিয়ে আনন্দ মিছিল করেছে। রেলরোডে অবস্থিত দলীয় কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পটুয়াখালী: রায়ের পর পরই গণজাগরণ মঞ্চের উদ্যোগে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ থেকে আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আলাউদ্দিন শিশুপার্কে স্বাধীনতা প্রজন্ম চত্বরে গিয়ে শেষ হয়।খুলনা: সকাল থেকেই খুলনা শহরের শিববাড়ির নির্দলীয় গণমঞ্চে থেমে থেমে চলছিল স্লোগান। দুপুরে সাঈদীর ফাঁসির রায়ের খবর আসা মাত্র দৃশ্যপট বদলে যায়। অল্প সময়ের মধ্যেই বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ গণমঞ্চে উপস্থিত হয়ে আনন্দ-উল্লাসের পাশাপাশি গগনবিদারী স্লোগান দিয়ে মুখরিত করে তোলে। পরে সেখান থেকে আনন্দমিছিল বের করা হয়।পাবনা: রায় ঘোষণার পর দুপুরে পাবনা শহরের মুক্তিযোদ্ধা মার্কেট এলাকা থেকে আনন্দমিছিল বের করে বিভিন্ন সংগঠন। মুহূর্তের মধ্যে মিছিলটি বিশাল আকার ধারণ করে। আনন্দ প্রকাশের পাশাপাশি মিছিল থেকে সব মানবতাবিরোধী অপরাধীর ফাঁসির দাবি জানানো হয়।রাজশাহী: রায় ঘোষণার পরপরই জাতীয় পতাকা হাতে নিয়ে বিপুলসংখ্যক মানুষ নগরের আলুপট্টির মোড়ে গণজাগরণ মঞ্চে এসে জড়ো হয়। পরে সেখান থেকে আনন্দমিছিল বের করা হয়।নওগাঁ: বেলা দুইটায় নওগাঁ শহরের দলীয় কার্যালয় থেকে আনন্দমিছিল বের করেন জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। বগুড়ার সান্তাহার শহরেও আনন্দমিছিল বের করে আওয়ামী লীগ।দিনাজপুর: রায় শোনার পর দুপুরে জেলা শহরে আনন্দমিছিল বের করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মিছিলটি দিনাজপুর ইনস্টিটিউট থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।মৌলভীবাজার: শহরের চৌমোহনা এলাকায় ছাত্র-জনতা ও বিভিন্ন পেশাজীবী মানুষ আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় একে অপরকে মিষ্টি খাইয়ে দেন। এ ছাড়া পথচারীদের মাঝেও মিষ্টি বিতরণ করা হয়। সুনামগঞ্জ: শহরে আনন্দ মিছিল বের করেন মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। মিছিল শেষে শহরের শহীদ মিনারে মুক্তিযোদ্ধা-জনতার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।শেরপুর: জাগ্রত তরুণ প্রজন্ম শেরপুরের উদ্যোগে দুপুরে শহরে আনন্দ মিছিল বের করা হয়। বিকেলে শহরের রঘুনাথ বাজারের বঙ্গবন্ধু স্কয়ারে এক সমাবেশে কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসি দাবি করা হয়। কিশোরগঞ্জ: দুপুরে শহরের রংমহল চত্বর থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়া জেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে মিছিল বের করে।চাঁদপুর: মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এম এ ওয়াদুদের নেতৃত্বে শহরের শপথ চত্বর থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে দুপুরে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শপথ চত্বরে এসে শেষ হয়। নেত্রকোনা: বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও আওয়ামী লীগ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে মিষ্টি বিতরণ করা হয়। মদন উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ময়মনসিংহ: দুপুরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। অনেকের হাতে ছিল পতাকা। এ সময় শহরের ব্যস্ততম গাঙ্গিনার পার এলাকায় ‘এই মাত্র খবর এল, সাঈদীর ফাঁসি হলো, ‘কী দেখাল শাহবাগ, বিশ্ববাসী হতবাক’ ইত্যাদি স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা হয়।কুমিল্লা: রায় ঘোষণার পর নগরে মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ মিছিল করে। একই সঙ্গে নগরের সর্বস্তরের মানুষ সড়কে নেমে আসে। নগরের কান্দিরপাড়, রামঘাট ও নজরুল অ্যাভিনিউতে মিষ্টি বিতরণও করা হয়।ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা আওয়ামী লীগ শহরে আনন্দ মিছিল বের করে। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।নান্দাইল (ময়নসিংহ): উপজেলার তরুণ প্রজন্ম আনন্দ মিছিল বের করে। তাঁদের সঙ্গে যোগ দেন নানা পেশার লোকজন। নান্দাইল শহীদ সঞ্চৃতি আদর্শ কলেজ ছাত্রলীগ ও সাধারণ ছাত্ররাও মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়া আওয়ামী লীগও মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।কেন্দুয়া (নেত্রকোনা): উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহরে আনন্দ মিছিল বের করা হয়। এতে দলীয় নেতা-কর্মী ছাড়াও মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার পক্ষের তরুণ প্রজন্ম অংশ নেয়। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ত্রিশাল (ময়মনসিংহ): ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা। বিকেলে ক্যাম্পাসের সঞ্চৃতিস্তম্ভের সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।পটিয়া (চট্টগ্রাম): ফাঁসির রায় ঘোষণার পর গণজাগরণ মঞ্চের উদ্যোগে তাৎক্ষণিকভাবে পটিয়ায় আনন্দ মিছিল বের করা হয়। থানার মোড় থেকে মিছিলটি বের হয়ে পটিয়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিষ্টি বিতরণ করা হয়। মিছিলে পটিয়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সামশুদ্দিন আহমদ, পটিয়া পৌরসভার মেয়র হারুণর রশিদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সামশুল আলম মাস্টারসহ মুক্তিযোদ্ধারা এবং গণজাগরণ মঞ্চ, বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক দল, ছাত্র ও যুবসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।রাঙামাটি: গতকাল সন্ধ্যায় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা রাঙামাটি শহরের বনরূপায় আনন্দ মিছিল করেছেন।লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বিকেলে শহরে আনন্দ মিছিল বের করা হয়। উত্তর তেমুহনী থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনীতে গিয়ে শেষ হয়। সেখানে পথসভা হয়।গাজীপুর: গাজীপুর জেলা শহর, টঙ্গীর স্টেশন রোড, কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলা শহরে আনন্দ মিছিল বের হয়। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার এস এম মজিবুর রহমান বলেন, ‘জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন সাজা দেওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি জনগণের কিছুটা সন্দেহ ছিল। এ রায়ের মধ্য দিয়ে সে সন্দেহ দূর হয়েছে।’ ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন কালিয়াকৈর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাবুদ্দিন আহসান, কাপাসিয়ার কমান্ডার বজলুর রশিদ মোল্লা ও কালীগঞ্জের কমান্ডার মোস্তফা মিয়া।নবাবগঞ্জ (ঢাকা): আনন্দ মিছিল হয়েছে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায়। নবাবগঞ্জের মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন বলেন, ‘৪২ বছরের কলঙ্ক থেকে জাতি দায়মুক্ত হলো। তবে ফাঁসির রায় কার্যকর জরুরি।’ রায়ে নতুন প্রজন্মের চেতনা প্রতিফলিত হয়েছে বলে মনে করেন নবাবগঞ্জে গণজাগরণ মঞ্চের আহ্বায়ক এজাজ আহমেদ। তিনি জামায়াত-শিবিরের সহিংসতা প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।মানিকগঞ্জ: ফাঁসির রায়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুপুরে শহরে আনন্দ মিছিল বের করেন মুক্তিযোদ্ধা ও ১৪ দলের নেতা-কর্মীরা। বিকেলে ১৪ দলের নেতা-কর্মীরা শহরবাসীর মধ্যে মিষ্টি বিতরণ করেন। ঘিওর উপজেলার আশাপুর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা লোকমান হোসেন বলেন, ‘দেশ স্বাধীন হলেও রাজাকারদের কারণে বুকের ভেতর অবর্ণনীয় এক যন্ত্রণা তাড়া করে বেড়াত। সেই যন্ত্রণার আজ অনেকটা দূর হলো।’মুন্সিগঞ্জ: শহরে মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের জনগণ আনন্দ মিছিল করেছে। একই সময়ে শহরে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরাও আনন্দ মিছিল বের করেন।নারায়ণগঞ্জ: শহরে পৃথক আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ, সমিঞ্চলিত আইনজীবী সমন্বয় পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। শহীদ মিনারে গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, সাঈদীর ফাঁসির রায়ে জনমতের প্রতিফলন ঘটেছে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ক্যাম্পাসে গণজাগরণ মঞ্চের ব্যানারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। সংক্ষিপ্ত সমাবেশে প্রক্টর সোহেল আহমেদ বলেন, ‘আমাদের প্রত্যাশিত রায়টি দেওয়া হয়েছে। দ্রুত এ রায় কার্যকরের দাবি জানাচ্ছি।’