ফাঁসির সেলে সাকা চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী
সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড পাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে আজ বুধবার কাশিমপুর কারাগারের ফাঁসির সেলে নেওয়া হয়েছে। কয়েদির পোশাকে অন্য সময়ের মতো আজও তাঁকে স্বাভাবিক দেখা যায়।

কারা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাকা চৌধুরীর ফাঁসির আদেশ দেওয়ার পর রাতেই তাঁর ডিভিশন বাতিল করা হয়। কারাগারে রাতে তাঁকে কয়েদির পোশাক দেওয়া হয়।

কয়েদির পোশাক আনা হলে সাকা চৌধুরী বলেন, ‘এখন তো কয়েদির পোশাক পরতেই হবে, পোশাকটি দিন, পরে দেখি।’ পরে তিনি নিজেই কয়েদির পোশাক পরেন।

অন্যান্য দিনের মতোই আজও বিএনপির এই নেতাকে স্বাভাবিক দেখা যায় এবং তিনি খাবার খান। তাঁকে এখন যে সেল দেওয়া হয়েছে, সেটি খুবই ছোট। সেখানে দুটি কম্বল দেওয়া হয়েছে। কক্ষের সঙ্গে একটি ছোট টয়লেট আছে। রায় ঘোষণার পর এখনো পরিবারের কেউ তাঁর সঙ্গে দেখা করতে যাননি।

কারাগারের জেলার মো. মজিবুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, সাকা চৌধুরীকে কারাগারের ৩০ নম্বর সেলে পাঠানো হয়েছে। তাঁকে পাঠানোর পর ওই সেলটি কনডেম সেল হিসেবে ঘোষণা করা হয়েছে।

কাশিমপুর ঢাকা কেন্দ্রীয় কারাগার-১-এ এক হাজার ২৭ জন বন্দী ছাড়াও বিএনপির নেতা সালাউদ্দিন কাদের এবং জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, জেএমবির নেতা সালাউদ্দিন সালেহীনসহ ৭৮জন ফাঁসির আসামি আছেন।

ফাঁসির রায়ের আগে সাকা এ কারাগারেরই চিত্রা ভবনে ভিআইপি মর্যাদায় ছিলেন। গত বছরের ২৩ সেপ্টেম্বর সাকা চৌধুরীকে এ কারাগারে পাঠানো হয়। কারা নিয়মানুযায়ী তার ভিআইপি সুবিধা রহিত করা হয়েছে।